নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে গাছ ফেলে ব্যারিকেড দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার কামালদী এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
অবরোধ ও পুলিশি তৎপরতা
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে:
- অবরোধের স্থান: মঙ্গলবার ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের আমগ্রাম ব্রিজ ও কামালদি ব্রিজের মাঝামাঝি একটি স্থানে গাছ কেটে ফেলে রাখে দুর্বৃত্তরা। এর আগে মহাসড়কের গোপালপুর ও মেলকাইসহ প্রায় ৮ স্থানে ১২টি মোটা গাছ ফেলে অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
- ঘটনার কারণ: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে এ ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দুর্বৃত্তরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তি পোহাতে হয় সাধারণ যাত্রী ও চালকদের। পরে রাজৈর থানা ও মস্তফাপুর হাইওয়ে থানার পুলিশ এবং টেকেরহাট ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ শুরু করে।
টেকেরহাট পোর্ট স্থল কাম-নদী ফায়ার স্টেশনের লিডার মো. ইসমাইল হোসেন জানান, প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে সড়কের উপর থেকে গাছটি সরাতে সক্ষম হন। পরে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ওসি মামুন জানান, ভোরের দিকে মহাসড়কে গাছ ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাছটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
