দৈনিক জাহান ডেস্ক

দেশে চলমান ডেঙ্গুর প্রকোপ মোকাবিলা ও রোগীদের দ্রুত রোগ শনাক্তকরণে সহায়তার অংশ হিসেবে ৫ লাখ ‘ডেঙ্গু এনএস১ র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট’ প্রদান করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত ‘স্ট্রাইডস্’ (STRIDES) কার্যক্রমের মাধ্যমে এই ড্রাইভ পরিচালিত হয়।
সিএমএসডির মাধ্যমে সারাদেশে পৌঁছাবে কিট
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের কাছে কিটগুলো হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তৃষিতা মওলা।
স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রাপ্ত কিটগুলো সরাসরি কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) জমা করা হবে। পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বয়ে চাহিদানুযায়ী দেশের প্রতিটি জেলা ও উপজেলা হাসপাতালে দ্রুত তা সরবরাহ করা হবে।
হাসপাতালগুলোতে পর্যাপ্ত স্যালাইন ও কিট মজুত
স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দেন যে, নতুন পাওয়া কিটের বাইরেও সরকারি পর্যায়ে বর্তমানে পর্যাপ্ত পরিমাণ ডেঙ্গু অ্যান্টিজেন কিট ও আইভি (IV) স্যালাইন মজুত রয়েছে। ফলে দেশের যেকোনো অঞ্চলে ডেঙ্গু সংক্রমণ বাড়লেও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ প্রস্তুত।
ডেঙ্গু ভ্যাকসিন আনার উদ্যোগ
বাংলাদেশে ডেঙ্গু টিকা বা ভ্যাকসিন প্রবর্তনের পরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, টিকাটি বেশ ব্যয়বহুল হওয়ায় এর নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত হওয়া প্রয়োজন। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ইউনিসেফ ও গ্যাভির (GAVI) সঙ্গে সরকারের আলোচনা চলছে এবং বৈশ্বিক গাইডলাইন অনুসারেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান, কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমানসহ মার্কিন দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মন্ত্রী হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড ও প্যাথলজি ল্যাব পরিদর্শন করেন।