খুলনা বিশ্ববিদ্যালয়ে র্যাগিং-মাদকসহ ১২ শিক্ষার্থী বহিষ্কার

খুলনা বিশ্ববিদ্যালয়।
প্রতিনিধি খুলনা।
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) র্যাগিং, মারামারি, ধর্ম অবমাননা ও মাদকসহ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। এ ছাড়া আরও সাত শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক নাজমুস সাদাত এই তথ্য নিশ্চিত করেন। গত ৯ অক্টোবর অনুষ্ঠিত শৃঙ্খলা বোর্ডের ২৭তম সভায় তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
অপরাধের মাত্রা অনুযায়ী শিক্ষার্থীদের স্থায়ী ও সাময়িক বহিষ্কার, আর্থিক জরিমানা এবং মুচলেকা দেওয়ার মতো বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে।
গুরুত্বপূর্ণ শাস্তিমূলক ব্যবস্থা
- শিক্ষকের ওপর হামলা: বাংলা ডিসিপ্লিনের শিক্ষার্থী মোবারক হোসেন নোমানকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। তাঁর সনদ বাতিলের সিদ্ধান্তটি পরে শর্তসাপেক্ষে স্থগিত করা হয়েছে।
- মাদক সেবন ও বেচাকেনা: অর্থনীতি ডিসিপ্লিনের হাসান হাওলাদার এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের আমিনুল ইসলামকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
- ধর্ম অবমাননা (ফেসবুকে): গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের রাসেল শেখকে স্থায়ীভাবে বহিষ্কার এবং একই ডিসিপ্লিনের তনয় রায়কে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
- মারামারি: আইন ডিসিপ্লিনের জাহিদুল ইসলামকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া আইন ডিসিপ্লিনের মেহেরাফ হোসেন ও আমিনুল এহসানকে মুচলেকা দিতে বলা হয়েছে।
- র্যাগিং: গণিত ডিসিপ্লিনের কে এম রাউফুল আলমকে (অর্ণব) ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। একই ডিসিপ্লিনের আরও তিন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে জরিমানা ও মুচলেকা দিতে বলা হয়েছে।
অন্যান্য শাস্তির মধ্যে গালাগালি ও প্রাণনাশের হুমকির অভিযোগে গণিত ডিসিপ্লিনের তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে এবং ক্যাম্পাসে মারামারির ঘটনায় দুই শিক্ষার্থীকে চলতি টার্মের জন্য একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।
