মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার হাওড়বেষ্টিত খালিয়াজুড়ী উপজেলায় পাউকাটা হাওরে হাঁস চরাতে গিয়ে বজ্রপাতে শফিকুল শেখ (৩০) নামের এক তরুণ খামারির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় বজ্রাঘাতে তাঁর খামারের অন্তত ৫০ থেকে ৬০টি হাঁসও মারা গেছে।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও এলাকার পাউকাটা হাওরে এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ ও হাসপাতালে নেওয়ার পথ
নিহত শফিকুল শেখ সাতগাঁও গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) মোঃ ইসহাক শেখের বড় ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল নিজ বাড়িতে প্রায় শতাধিক দেশীয় প্রজাতির হাঁস লালন-পালন করে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো আজ সকালেও তিনি হাঁসের পাল নিয়ে নিজ গ্রামের পাশেই পাউকাটা হাওরে যান। সকালের দিকে আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি অচেতন হয়ে পড়েন এবং তাঁর পাশে থাকা ৫০-৬০টি হাঁস সাথে সাথে মারা যায়।
পরবর্তীতে হাওরে থাকা আশেপাশের লোকজন ও স্বজনরা দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শফিকুলকে মৃত ঘোষণা করেন।
ইউএনওর শোক প্রকাশ ও আর্থিক সহায়তার আশ্বাস
একমাত্র উপার্জনে নিয়োজিত যুবকের এমন অকাল মৃত্যুতে নিহতের পরিবার ও পুরো সাতগাঁও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান জানান—
”হাওরে বজ্রপাতে তরুণ খামারির মৃত্যুর ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এটি একটি অনাকাঙ্ক্ষিত প্রাকৃতিক দুর্যোগ। আমি নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ঘটনাটি ইতোমধ্যে জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারটিকে দ্রুত আর্থিক সহায়তা প্রদান করা হবে।”
