কবিরহাটে অগ্নিকাণ্ডে দিনমজুরের ঘর ছাই; পাশে দাঁড়ালেন অধ্যক্ষ বেলায়েত

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের পাটওয়ারীর হাট এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোরে উপজেলার ৩ নং ওয়ার্ডের ছমদ আলী হাজী বাড়ীর দিনমজুর মো. জাকের হোসেনের ঘরে এই অগ্নিকাণ্ড ঘটে।

অগ্নিকাণ্ডের বিবরণ ও ক্ষয়ক্ষতি

সরেজমিনে জানা যায়, ভোরবেলা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে ঘরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় সরঞ্জামসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ঘরটিতে দিনমজুর জাকের হোসেন, তাঁর তিন ভাইয়ের পরিবার এবং এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধা মা বসবাস করতেন। ভোরে আগুন লাগায় তাঁরা প্রাণে বাঁচলেও কোনো মালামাল রক্ষা করতে পারেননি। বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন এই ৪টি পরিবার।

কান্নায় ভেঙে পড়েছেন ভুক্তভোগীরা

জাকের হোসেনের স্ত্রী কান্নায় ভেঙে পড়ে বলেন, “নাবালক দুই সন্তান, প্রতিবন্ধী শাশুড়ি আর দেবরদের নিয়ে এখন আমি কোথায় যাব? আমাদের আর কিছুই অবশিষ্ট নেই।” তিনি তাঁর পরিবারকে বাঁচাতে কবিরহাট উপজেলা প্রশাসন ও রাজনীতিবিদদের কাছে জরুরি সাহায্যের আকুতি জানান।

সহযোগিতার হাত বাড়ালেন জামায়াত প্রার্থী

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নোয়াখালী-৫ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাৎক্ষণিক সহায়তা হিসেবে ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন। এছাড়াও ঘর নির্মাণের সময় আরও বড় ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

স্থানীয় চিকিৎসক ও ওষুধ ব্যবসায়ী জানান, এই পরিবারটি অত্যন্ত দরিদ্র এবং এই বসতঘরটিই ছিল তাদের শেষ সম্বল। তিনি কবিরহাট উপজেলা প্রশাসনসহ সমাজের বিত্তবান ও রাজনৈতিক নেতৃবৃন্দকে এই নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *