উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব’-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৪টায় বসুরহাটের একটি অভিজাত হোটেলে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরা এবং ইসলামের সুমহান আদর্শে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের বিবরণ ও উপস্থিতিবৃন্দ
প্রেসক্লাবের সভাপতি এএইচ এম মান্নান মুন্নার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের বিপুল সংখ্যক সদস্য ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সহ-সভাপতি মেছবাহ উদ্দিন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আল এমরান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহিম সায়েম।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. এস. আরমান, সহ-সভাপতি মোহাম্মদ উল্যাহ মিরাজ ও সোহরাব হোসেন বাবর, যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক হিমেল আহমেদসহ সংগঠনের নির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রেসক্লাবকে একটি আদর্শ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংগঠনে রূপান্তর করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সাংবাদিকরা সমাজের দর্পণ; তাই সত্য ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। সংগঠনকে আরও শক্তিশালী ও জনমুখী করার বিষয়েও সভায় আলোকপাত করা হয়।
দোয়া ও মোনাজাত
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মেছবাহ উদ্দিন। দোয়ার মধ্য দিয়ে ইফতার পূর্ববর্তী এই মিলনমেলার সমাপ্তি ঘোষণা করা হয়।
