অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার; বেকারি মালিককে জরিমানা

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহারের দায়ে একটি বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলার কাশিপুর বাজারে ‘মেসার্স মুহিন ফুড প্রোডাক্টস’ নামক প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়।

নিষিদ্ধ কেমিক্যাল ও নোংরা পরিবেশ

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে অত্যন্ত অপরিচ্ছন্ন পরিবেশে সেমাইসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তৈরি এবং খাবারে ক্ষতিকর নিষিদ্ধ ফুড কেমিক্যাল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এই অপরাধে বেকারি মালিক হাফিজুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

জনস্বাস্থ্যের প্রতি চরম অবজ্ঞা

সরেজমিনে কাশিপুর কলেজ মোড় এলাকায় দেখা গেছে, ‘মেসার্স মুহিন ফুড প্রোডাক্ট লিমিটেড’-এর কারখানার চারপাশে ময়লা-আবর্জনার স্তূপ এবং অপরিষ্কার তৈজসপত্র ব্যবহার করে সেমাই উৎপাদন করা হচ্ছে। কারখানার মালিক উৎপাদনের মান নিয়ে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। পুষ্টিবিদদের মতে, এমন নিম্নমানের পাম অয়েল ও ডালডায় তৈরি খাবার দীর্ঘদিন গ্রহণ করলে হৃদরোগ, লিভারের সমস্যা এমনকি ক্যানসারের ঝুঁকিও বেড়ে যেতে পারে।

আরও পড়ুন

নিয়মিত অভিযানের ঘোষণা

অভিযান পরিচালনা শেষে ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন বলেন, “জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন বা খাবারে নিষিদ্ধ উপাদানের ব্যবহার কোনোভাবেই সহ্য করা হবে না।” আসন্ন ঈদ উপলক্ষে বাজার মনিটরিং আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *