নোয়াখালী-৫: ফখরুল ইসলামের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মহিলা দলের বিক্ষোভ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালী-৫ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে কোম্পানীগঞ্জ। এই মামলার প্রতিবাদে আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজপথে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি মহিলা দল।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি মহিলা দলের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলটি বসুরহাট বাজারের মেট্রো টাওয়ার এলাকা থেকে শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বসুরহাট জিরো পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিয়ে মামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

বক্তাদের বক্তব্য

সমাবেশে বক্তারা বলেন, “আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম দীর্ঘদিন ধরে গণমানুষের রাজনীতি করে আসছেন। তাঁর ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি নির্দিষ্ট মহল তাঁকে নির্বাচন থেকে দূরে রাখতে বা রাজনৈতিকভাবে হেয় করতে এই মিথ্যা মামলার আশ্রয় নিয়েছে। এটি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা।”

বক্তারা আরও অভিযোগ করেন, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত মামলা গণতন্ত্র ও আইনের শাসনের পরিপন্থী। তাঁরা অবিলম্বে মোহাম্মদ ফখরুল ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত সকল কথিত মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

হুঁশিয়ারি

বিএনপি মহিলা দলের নেত্রীরা হুঙ্কার দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে এই ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করা না হয়, তবে আগামীতে সাধারণ মানুষকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিক্ষোভ ও সমাবেশে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা মহিলা দলের নেত্রীবৃন্দসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *