খুলনায় এনসিপি নেতা মোতালেব শিকদারকে মাথায় গুলি, অবস্থা আশঙ্কাজনক
নিজস্ব প্রতিবেদক, খুলনা

ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির নির্মম হত্যাকাণ্ডের ক্ষত না শুকাতেই এবার প্রকাশ্যে গুলি করা হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান ও এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে। সোমবার (২২ ডিসেম্বর) দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে মাথায় গুলি ছুড়ে পালিয়ে যায়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফেসবুক পোস্টে নিশ্চিতকরণ
এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এই নেক্কারজনক হামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, “এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।”
