ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা: অবৈধ ৩ হাসপাতাল সিলগালা
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

ময়মনসিংহের সার্বিক উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা এবং প্রশাসনিক সেবা গতিশীল করার লক্ষ্যে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।
স্বাস্থ্য সেবায় কঠোর তদারকি
সভায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থ রক্ষায় অবৈধ ও লাইসেন্সবিহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু হয়েছে। গত মাসে দুটি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৩টি প্রতিষ্ঠান সিলগালা এবং ১০টি প্রতিষ্ঠানকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া সরকারি হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে নিয়মিত পরিদর্শন জোরদার করা হয়েছে; অনুমতি ছাড়া অনুপস্থিত থাকলে বিভাগীয় ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়।
সড়ক মেরামত ও মেইনটেনেন্স
সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা জানান, উপজেলা নির্বাহী অফিসারগণের (ইউএনও) প্রস্তাব অনুযায়ী ক্ষতিগ্রস্ত রাস্তাসমূহ নিয়মিত মেরামতের আওতায় আনা হয়েছে। বিশেষ করে ফুলপুর-সিংেশ্বরী-চাঁনপুর রাস্তার দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে কঠোরভাবে তাগিদপত্র প্রদান করা হয়েছে।
বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য
কৃষি বিপণন অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। মেছুয়া বাজারসহ বিভিন্ন স্থানে অভিযানের পাশাপাশি প্রতিদিনের খুচরা বাজারদর জেলা প্রশাসনকে অবহিত করা হচ্ছে। কৃষি বিপণন আইনের বিভিন্ন ধারায় অনিয়মের দায়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানার আওতায় আনা হয়েছে।
জেলা প্রশাসকের নির্দেশনা
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, “জেলার উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। সকল দপ্তরকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। যেকোনো উন্নয়নমূলক কাজে বা সমস্যার সমাধানে জেলা প্রশাসন সবসময় আপনাদের পাশে থাকবে।”
সভায় ময়মনসিংহের বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় আন্তঃবিভাগীয় বিভিন্ন সমস্যার সমাধানকল্পে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
