নানা কর্মসূচির মধ্য দিয়ে নোয়াখালীর সেনবাগে মহান বিজয় দিবস উদযাপিত
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে নোয়াখালীর সেনবাগে নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে।
স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন
দিনটি উপলক্ষে ভোরে সেনবাগ উপজেলা পরিষদ চত্বরে নির্মিত মুক্তিযুদ্ধে স্মৃতিস্তম্ভে সেনবাগ উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুমের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সেনবাগ পৌরসভা প্রশাসক নুর পেয়ারা বেগম, সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এরপর সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক মনজুর মোরশেদের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাগণসহ পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল সাড়ে ১০টার দিকে সেনবাগ প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত উল্যা ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সায়েস্তানগরীর নেতৃত্বে সাংবাদিকরাও পুষ্পস্তবক অর্পণ করেন।
বিজয় শোভাযাত্রা ও সংবর্ধনা
- মঙ্গলবার সকাল ১০টার দিকে নোয়াখালী -২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের বার বার নির্বাচিত বিএনপি দলীয় এমপি জয়নুল আবদীন ফারুকের নেতৃত্বে সেনবাগ পৌর শহরে একটি বিজয় শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে তাঁর নেতৃত্বে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
- সেনবাগ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি পাইলট হাই স্কুল মাঠে ভোরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
- দিনটি উপলক্ষে মঙ্গলবার দুপুরে সেনবাগ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মডেল মসজিদ কমপ্লেক্সে উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুমের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনায় বিপুল সংখ্যক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
