নির্বাচনে পেশী শক্তি ও কালো টাকার প্রভাব দূর করতে হবে: জাকের পার্টি
ঈশ্বরগঞ্জে জনসভা অনুষ্ঠিত, গোলাপ ফুল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে অনুষ্ঠিত জাকের পার্টির জনসভায় বক্তারা নির্বাচনে “পেশী শক্তি ও কালো টাকার প্রভাব দূর” এবং “চাঁদাবাজদের বয়কট” করার দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার মাইজবাগ বাজারে মগটুলা ইউনিয়ন জাকের পার্টি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই জনসভা অনুষ্ঠিত হয়।
সুষ্ঠু নির্বাচনের পথে বাধা
জনসভায় জাকের পার্টির নেতারা বলেন, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের অন্যতম অন্তরায় হলো পেশী শক্তি ও কালো টাকার দৌরাত্ম্য। এই প্রভাব নির্মূল করা গেলে সৎ, যোগ্য ও জনগনের প্রতি দায়বদ্ধতাসম্পন্ন মেধাবীরা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে। বক্তারা বলেন, “৫৪ বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলের শাসন দেখেছেন, একটিবার জাকের পার্টিকে সুযোগ দিয়ে দেখুন। সৎ মানুষকে ভোট দিন। গোলাপ ফুল প্রতীকে ভোট দিন।”
নেতৃবৃন্দ আরও বলেন, জাকের পার্টি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সংস্কার এবং ইসলামের উদারনৈতিক মানবিক আদর্শে সকলকে ঐক্যবদ্ধ করে সুদিন ফিরিয়ে আনতে চায়।
উপস্থিত নেতৃবৃন্দ
জাকের পার্টি মগটুলা ইউনিয়ন শাখার সভাপতি রফিকুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টি ময়মনসিংহ জেলা শাখার সহ-সভাপতি আব্দুল লতিফ। প্রধান বক্তা ছিলেন জাকের পার্টি সেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমির হামজা।
এতে জেলা ও উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মহিলা ফ্রন্ট ও ছাত্র-ছাত্রী ফ্রন্টের সদস্যরা বক্তব্য রাখেন।
