শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে চাকসু নির্বাচন

শাটল ট্রেনে চড়ে চাকসু নির্বাচনে ভোট দিতে আসা শিক্ষার্থীরা। সকাল পৌনে নয়টায় বিশ্ববিদ্যালয় রেল স্টেশনেছবি: সৌরভ দাশ।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ সকাল ৯টা ৩০ মিনিট থেকে এই ভোট গ্রহণ শুরু হয়, যদিও নির্ধারিত সময় ছিল সকাল ৯টা।
সকাল ৮টা ২৫ মিনিটে প্রথম শাটল ট্রেন ক্যাম্পাসে প্রবেশ করার পর হাজারো শিক্ষার্থী অনুষদ ভবনের দিকে রওনা হন। কাটা পাহাড়ে তল্লাশিচৌকি বসিয়ে শিক্ষার্থীদের আইডি কার্ড প্রদর্শনীর মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হচ্ছে।
অভিযোগ ও কমিশনারের বক্তব্য
সকাল ১০টায় কলা ও মানববিদ্যা অনুষদের কক্ষে ভোট দিয়ে ছাত্রদল প্যানেলের জিএস প্রার্থী মো. শাফায়াত হোসেন অভিযোগ করেন, ভোটারের আঙুলে যে অমোচনীয় কালি দেওয়া হচ্ছে, তা এক ঘষাতেই উঠে যাচ্ছে।
এই অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ শাফায়াতকে বলেন, কালি উঠে গেলেও শিক্ষার্থীদের নাম তালিকা থেকে কেটে দেওয়া হচ্ছে, ফলে কোনো সমস্যা হবে না।
জিএস প্রার্থী শাফায়াত হোসেন বলেন, “পরিস্থিতি এখন পর্যন্ত শান্তিপূর্ণ। মাত্র একটি ট্রেন ক্যাম্পাসে এসেছে। বেশি শিক্ষার্থী দেখা যাচ্ছে না। তবে বেলা গড়ালে শিক্ষার্থীরা হয়তো ভোট দিতে আসবেন।”
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ শাহেদুল হক বলেন, “জীবনে প্রথম ভোট দিলাম। দারুণ অনুভূতি। আশা করি উৎসবমুখর পরিবেশে ভোট হবে।”
