শিক্ষাপ্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতির ঘোষণা আসছে

শিক্ষা ডেস্ক
ঢাকা
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আগামীকাল রবিবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন। তাঁদের প্রধান দাবি হলো—বেসিক বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া এবং ১৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদান।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকার দাবি মেনে নিতে গড়িমসি করলে লাগাতার অবস্থানের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হবে।
প্রতিশ্রুতির পরও প্রজ্ঞাপন জারি না হওয়ায় ক্ষোভ
জানা গেছে, গত ১৩ আগস্ট শিক্ষক সমাবেশে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং শতভাগ উৎসব ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিলেন।
কিন্তু দীর্ঘ দুই মাস অতিবাহিত হলেও সেই প্রতিশ্রুতির প্রজ্ঞাপন জারি না হওয়ায় শিক্ষকরা ক্ষুব্ধ। এরই পরিপ্রেক্ষিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এই দাবিতে আন্দোলনে নামছেন।
বাড়ি ভাড়া বৃদ্ধি নিয়ে বিতর্ক
এর আগে, গত ৫ অক্টোবর অর্থ মন্ত্রণালয় থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ১০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করার পরিপত্র জারি করা হয়। তবে শিক্ষক-কর্মচারীরা এই ৫০০ টাকা বৃদ্ধিতে সন্তুষ্ট নন এবং তাঁরা বেসিকের ২০ শতাংশ বাড়ি ভাতার দাবিতে অনড়।
নতুন পরিপত্রে বলা হয়েছে, প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক আদেশ জারির তারিখ থেকে এই ভাতা কার্যকর হবে।
