নিজস্ব প্রতিবেদক, ঢাকা।

আলোচনা শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফটোসেশনে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। গতকাল রাত সোয়া ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতেছবি: নোমান ছিদ্দিক।
জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের সময় ও পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ রেখেই আলোচনা শেষ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। বিশেষত বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনড় অবস্থানের কারণে এই মতবিরোধ সৃষ্টি হয়। কমিশন জানিয়েছে, বিশেষজ্ঞদের পরামর্শ ও দলগুলোর মতামত সমন্বয় করে আগামী দু-এক দিনের মধ্যে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে সরকারের কাছে সুপারিশ দেওয়া হবে।
গতকাল বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দলগুলোর সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে পঞ্চম ও শেষ দিনের আলোচনা শুরু হয়, যা শেষ হয় রাত সোয়া ১১টায়।
গণভোটের সময় নিয়ে দলগুলোর অবস্থান
গতকাল শেষ দিনের আলোচনায় দলগুলোকে মোটাদাগে দুই ভাগে বিভক্ত হতে দেখা গেছে:
| অবস্থান | সমর্থনকারী দলসমূহ |
|---|---|
| জাতীয় নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট | বিএনপিসহ কিছু দল এই অবস্থানে অনড় থাকে। |
| জাতীয় নির্বাচনের আগে গণভোট | জামায়াতে ইসলামী, এনসিপিসহ কিছু দল এই অবস্থান নেয়। |
গণভোটের প্রশ্ন কী থাকবে এবং ভিন্নমত থাকা প্রস্তাবগুলোর বাস্তবায়ন কীভাবে হবে—এসব প্রশ্নেও সুরাহা হয়নি। কমিশন আশা করছে, ১৫ থেকে সর্বোচ্চ ১৭ অক্টোবরের মধ্যে জুলাই সনদে স্বাক্ষর হবে।