‘সহজক্যাশে’ লেনদেনে কেন্দ্রীয় ব্যাংকের সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা।

বাংলাদেশ ব্যাংকছবি: সংগৃহীত।
‘সহজক্যাশ লিমিটেড’ নামে কোনো প্রতিষ্ঠানের নিয়োগ বা লেনদেন সংক্রান্ত বিষয়ে সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই নামে কোনো প্রতিষ্ঠানের অনুমতি নেই বা অনুমতির জন্য তারা কেন্দ্রীয় ব্যাংকে আবেদনও করেনি। আর্থিক লেনদেন করতে পারে, এমন প্রতিষ্ঠানের অনুমোদন দেওয়ার একমাত্র ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের।
বাংলাদেশ ব্যাংক এ নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একাধিক জাতীয় পত্রিকায় সহজক্যাশ লিমিটেডের নামে প্রকাশিত একটি চাকরির বিজ্ঞাপন কেন্দ্রীয় ব্যাংকের নজরে আসে।
ওই বিজ্ঞাপনে সহজক্যাশ লিমিটেড দাবি করে যে তারা বর্তমানে প্রাক্-পরিচালন পর্যায়ে আছে এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) চালুর জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রাপ্তির প্রক্রিয়ায় রয়েছে। এই দাবির পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় ব্যাংক এই সতর্কবার্তা দিয়েছে।
