পূজার নিরাপত্তায় ময়মনসিংহে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
হালুয়াঘাট প্রতিনিধি
প্রকাশ:২৪শে সেপ্টেম্বর ২০২৫

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্তবর্তী এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বুধবার (২৪ সেপ্টেম্বর) হালুয়াঘাট পৌর শহরের কেন্দ্রীয় দুর্গা মন্দিরসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধিনায়ক মেহেদী হাসান জানান, সীমান্তের ৮ কিলোমিটার জুড়ে বিজিবির আওতাধীন এলাকায় শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনের জন্য সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইতোমধ্যে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং আরও ২ প্লাটুন স্ট্যান্ডবাই রাখা হয়েছে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও নাশকতা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তাৎক্ষণিক সহযোগিতা নিশ্চিত করতে মনিটরিং সেল গঠন করা হয়েছে।
অধিনায়ক মেহেদী হাসান এলাকার সচেতন মহলের প্রতি পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
হালুয়াঘাট কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি সুভাষ চন্দ্র দত্ত বলেন, সরকারি উদ্যোগ ছাড়াও স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো পূজার সার্বিক সহযোগিতায় এগিয়ে এসেছে। এতে আমরা আশাবাদী, নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারব।
জানা গেছে, এ বছর হালুয়াঘাট উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর নিয়মিত মোতায়েন থাকবে এবং সিসি ক্যামেরা দ্বারা নিরাপত্তা পর্যবেক্ষণ করা হবে।
