যুক্তরাষ্ট্রে আখতার ও তাসনিম জারার ওপর হামলার নিন্দা
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৫৭

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তাসনিম জারার ওপর হামলা এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হেনস্তা করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
বিবৃতিতে যা বলা হয়েছে
বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফরে তার সফরসঙ্গী হিসেবে অংশ নেওয়া এনসিপি নেতা আখতার হোসেন ও তাসনিম জারার ওপর “পতিত ফ্যাসিস্ট, গণহত্যাকারী ও কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা” হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। একই সঙ্গে তারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও হেনস্তা করেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ন্যাক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এই ধরনের রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি রোধে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণও করা হয় বিবৃতিতে।
