শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিটি কর্পোরেশন কর্তৃকপ্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

ময়মনসিংহ

প্রকাশ:২৩শে সেপ্টেম্বর ২০২৫ সময়:০৬:৪০

ছবি:আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ২২ সেপ্টেম্বর সোমবার বিকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মোখতার আহমেদ। সভায় বক্তারা বলেন, দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন পরিষদসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পূজা ম-পগুলোর নিরাপত্তা, বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্যসেবা ও যান চলাচল নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়। বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ তার বক্তব্যে বলেন, শারদীয় দুর্গোৎসব আমাদের দেশের অন্যতম বড় ধর্মীয় ও সামাজিক উৎসব।

সম্প্রীতির এই উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সিটি কর্পোরেশন সর্বাত্মক সহযোগিতা করবে। সভায় জানানো হয়, সিটি কর্পোরেশন এলাকার ৩৩টি ওয়ার্ডে মোট ৯২টি পূজা ম-পে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। প্রতিটি ম-পে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও পূজা নির্বিঘ্ন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ এর সঞ্চালনায় সভায় অতিরিক্ত পুলিশ মোহাইমেনুল রশিদ, এনএসআই ডিডি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স, মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট বিকাশ রায়, জেলা পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সম্পাদক শংকর সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট তপন দে, এনসিপি ময়মনসিংহ জেলা সমন্বয়কারী এডভোকেট এ টি এম মাহবুব উল আলম, ছাত্র ইউনিয়ন সভাপতি গোকুল সুত্রধর মানিক, ট্রাফিক ইন্সপেক্টর আবু নাসের মোঃ জহির প্রমুখ বক্তব্য – রাখেন।

এসময় সিটি কর্পোরেশনের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাবৃন্দ, পূজা উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দ, পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *