মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

মেধাবী শিক্ষার্থী বাছাই ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে কুড়িগ্রাম জেলার ৭টি উপজেলায় একযোগে সাতটি কেন্দ্রে ‘ফুল শিক্ষা বৃত্তি পরীক্ষা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৮ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এ পরীক্ষায় জেলার মোট ৪ হাজার ২৩৯ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ফুলবাড়ী ডিগ্রি কলেজ কেন্দ্রে নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ শতাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
কেন্দ্র পরিদর্শন ও সার্বিক ব্যবস্থাপনা
পরীক্ষা চলাকালে ফুলবাড়ী ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্র সচিব মুক্তা শেখ, শৃঙ্খলা কমিটির আহ্বায়ক জাকারিয়া মিয়া, সদস্য জিয়াউল ইসলাম চঞ্চল এবং শৃঙ্খলার দায়িত্বে থাকা এনামুল হক বসুনিয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আয়োজকদের বক্তব্য
ফুল শিক্ষা বৃত্তির পরিচালক মো. আব্দুল কাদের জানান, শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থী বাছাইয়ের লক্ষ্যে সবার সম্মিলিত প্রচেষ্টায় পঞ্চমবারের মতো এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্ট সবার সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতেও এ শিক্ষামূলক আয়োজন নিয়মিত চালু থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।