
মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী নেত্রকোনা
নেত্রকোনার হাওর অঞ্চল খালিয়াজুরীতে ২০০ পিস ইয়াবাসহ শুকতারা (২৮) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের ফতুয়া গ্রামের মো. মিলন মিয়ার স্ত্রী শুকতারা দীর্ঘদিন ধরে এলাকার মাদকের ব্যবসার সাথে জড়িত ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে খালিয়াজুরী থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) রাতে ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় নিজ এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ তাঁকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসা হয়।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন নারী মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০ নভেম্বর (শুক্রবার) সকালে যথাযথ পুলিশ পাহারায় তাকে নেত্রকোনা জেলা জজ আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, “মাদককে জিরো টলারেন্সে আনার লক্ষে ইয়াবা, গাঁজা ও মদসহ সব ধরনের মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”