পুলিশি বিভাগীয় তদন্ত প্রতিবেদন: ভুক্তভোগী ও নাগরিকের জানার অধিকার

শেখ মেহেদী হাসান নাদিম

তথ্য চাওয়া কোনো প্রতিষ্ঠানের প্রতি বৈরিতা নয়, বরং নাগরিকের গণতান্ত্রিক দায়িত্ব; আর তথ্য প্রদান কোনো দুর্বলতা নয়, বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের আত্মবিশ্বাসের স্মারক। প্রজাতন্ত্রের মালিক যখন জনগণ, তখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ স্বচ্ছতা নিশ্চিত করাই আইনের শাসনের প্রকৃত দাবি। পুলিশের তদন্ত প্রতিবেদন যখন লালফিতার দৌরাত্ম্যে দাপ্তরিক নথির অন্তরালেই অবরুদ্ধ থাকে, তখন ক্ষতির শিকার হয় তিনটি পক্ষ—অভিযোগকারী বা সাক্ষী তাঁর জবানবন্দির পরিণতি জানতে পারেন না, পরবর্তী আইনি প্রতিকারের পথে অগ্রসর হওয়ার প্রামাণ্য নথি তাঁর হাতে থাকে না এবং পুলিশ বাহিনী যেমন নিজের পেশাদার সাফল্যের স্বীকৃতি থেকে বঞ্চিত হয়, তেমনি আত্মশুদ্ধির নৈতিক চাপও অনুভব করে না। আইনের মৌলিক দর্শন হলো তথ্যের অবাধ প্রকাশ, আর গোপনীয়তা কেবল সুনির্দিষ্ট ব্যতিক্রম; ফলে আইনি সীমারেখার ভেতরে থেকে তদন্ত প্রতিবেদন দায়িত্বশীল সংবাদ আকারে প্রকাশিত হলে নাগরিক, পুলিশ ও রাষ্ট্র—তিন পক্ষই সমানভাবে লাভবান হয়।

তদন্ত প্রতিবেদন জানার অধিকার ও সাংবিধানিক ভিত্তি

তথ্য অধিকার আইন, ২০০৯’-এর প্রস্তাবনায় দ্ব্যর্থহীনভাবে ঘোষিত হয়েছে যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং তাঁদের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার নিশ্চিত করা অত্যাবশ্যক; যে নীতির আইনি রূপ দিয়েছে এই আইনের ৪ ধারা। পুলিশ সুপারের কার্যালয়ের মতো রাষ্ট্রীয় দপ্তরও এই আইনের আওতাভুক্ত, যেখানে নির্ধারিত ফরমে তথ্য প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োজিত থাকেন। সংবিধানে ‘জানার অধিকার’ শব্দগুচ্ছ সরাসরি উল্লেখ না থাকলেও অনুচ্ছেদ ৩৯(২)-এ প্রদত্ত বাক্‌স্বাধীনতা ও সংবাদক্ষেত্রের স্বাধীনতা, অনুচ্ছেদ ২৭-এর আইনের সমান আশ্রয় এবং অনুচ্ছেদ ৩১ ও ৩২-এর জীবন ও ব্যক্তি-স্বাধীনতার সুরক্ষা এই অধিকারের অবিচ্ছেদ্য ভিত্তি রচনা করেছে। কেননা, অভিযোগের তদন্তফল অজানা থাকলে উচ্চতর কর্তৃপক্ষ বা আদালতের শরণাপন্ন হওয়ার সাংবিধানিক অধিকার কেবল কাগজেই সীমাবদ্ধ থেকে যায়।


বিভাগীয় তদন্তের অদৃশ্য দেয়াল

পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠলে বিভাগীয় অনুসন্ধানে নোটিশ দিয়ে সংশ্লিষ্টদের সাক্ষ্য নেওয়া হলেও ফৌজদারি মামলার মতো এর ফলাফল আদালতে পৌঁছায় না; বরং বাহিনীর অভ্যন্তরীণ গণ্ডিতেই তা সমাপ্ত হয়। সাক্ষ্য দেওয়ার পর এই দীর্ঘ নির্বাকতা তিনটি সংকট তৈরি করে: নাগরিকের হাতে পরবর্তী আইনি পদক্ষেপের নথি থাকে না, তদন্তের মান যাচাইয়ের সুযোগ রুদ্ধ হয় এবং নির্দোষ পুলিশ কর্মকর্তাও তাঁর সম্মান পুনরুদ্ধারের লিখিত প্রমাণ থেকে বঞ্চিত হন। স্বচ্ছতা তাই কেবল ভুক্তভোগীর নয়, সৎ পুলিশ সদস্যেরও সুরক্ষা কবচ।


আইনের সীমারেখা: ধারা ৭-এর ব্যতিক্রম

তথ্য অধিকার আইনের ৭ ধারায় বিশটি দফায় তথ্য প্রকাশের সুনির্দিষ্ট ব্যতিক্রম নির্ধারিত রয়েছে। পুলিশি তদন্তের ক্ষেত্রে সাধারণত চলমান তদন্তে বিঘ্ন ঘটার আশঙ্কা (দফা ঠ), অপরাধীর গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়া প্রভাবিত হওয়া (দফা ড), ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন (দফা জ), গোপন তথ্যদাতার পরিচয় সুরক্ষা (দফা ঞ), কারও জীবন বিপদাপন্ন হওয়া (দফা ঝ) এবং বিচারাধীন মামলার নিষেধাজ্ঞার (দফা ছ ও ট) প্রশ্নগুলো সামনে আসে। তবে ব্যতিক্রম থাকা মানেই ঢালাও নিষেধাজ্ঞা নয়; বরং তথ্যদাতা বা ভুক্তভোগীর নাম-ঠিকানার মতো সংবেদনশীল অংশ ঢেকে (Redaction) প্রতিবেদনটির মূল অংশ সরবরাহ করা আইনসিদ্ধ। অধিকন্তু, ৭ ধারার শর্তাংশ অনুযায়ী তথ্য প্রদান স্থগিত রাখতে হলে তথ্য কমিশনের পূর্বানুমোদন গ্রহণ বাধ্যতামূলক।


নাগরিকের আইনি পথ ও সংবাদমাধ্যমের ভূমিকা

তথ্য প্রাপ্তি বিধিমালা অনুযায়ী নাগরিক নির্ধারিত ফরম ‘ক’-তে আবেদন করলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আইনের ৯(১) ধারা মোতাবেক ২০ কার্যদিবসের মধ্যে তথ্য দিতে বাধ্য; ব্যর্থতায় ৩০ দিনের মধ্যে আপিল (ধারা ২৪) এবং পরবর্তীতে তথ্য কমিশনে অভিযোগ দায়েরের (ধারা ২৫) সুযোগ রয়েছে। তবে এই দীর্ঘসূত্রতায় সাধারণ নাগরিক ক্লান্ত হয়ে পড়লে সংবাদমাধ্যমই সেই দায় কাঁধে তুলে নিতে পারে। সংবাদ কেবল ব্যক্তিগত প্রতিকার দেয় না, বরং বহু প্রতিবেদনের তুলনামূলক বিশ্লেষণে ব্যবস্থার সামগ্রিক চিত্র তুলে ধরে এবং জবাবদিহির চাপ সৃষ্টি করে। অবশ্য সংবিধানের ৩৯(২) অনুচ্ছেদ ও আইনের ব্যতিক্রমের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংবাদমাধ্যমকেও চারটি শর্ত মানতে হবে: প্রমাণিত সত্য ও অভিযোগকে পৃথক রাখা, সাক্ষী ও ভুক্তভোগীর পরিচয় গোপন রাখা, সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য গ্রহণ এবং ব্যক্তির চেয়ে ব্যবস্থার ত্রুটি অনুসন্ধান করা।


সংস্কারের রূপরেখা ও পাঁচ দফা প্রস্তাব

পুলিশ সংস্কার কমিশন ২০২৫ সালের ১৫ জানুয়ারি থানায় স্বচ্ছ জিজ্ঞাসাবাদ কক্ষ স্থাপন, প্রমাণের আগে আসামিকে গণমাধ্যমে উপস্থাপন না করা, মিথ্যা মামলায় দায়ী কর্মকর্তার শাস্তি এবং অভিযানে বডি-ওর্ন ক্যামেরার যে সুপারিশ করেছে, তার মূল দর্শন হলো—দৃশ্যমানতা ক্ষমতার অপব্যবহার রোধ করে।

তদন্ত প্রতিবেদনে এই দর্শন প্রতিষ্ঠায় পাঁচটি পদক্ষেপ জরুরি:
১. বিভাগীয় অনুসন্ধান শেষে অভিযোগকারী ও সাক্ষীকে লিখিতভাবে সিদ্ধান্তের সারসংক্ষেপ জানানো।
২. ব্যক্তি-পরিচয় গোপন রেখে বার্ষিক অনুসন্ধান, শাস্তি ও গড় নিষ্পত্তিকালের তথ্য স্বপ্রণোদিতভাবে প্রকাশ করা।
৩. ধারা ৭-এর ব্যতিক্রম ও অংশবিশেষ ঢেকে তথ্য প্রদানের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ আইনি প্রশিক্ষণ দেওয়া।
৪. নির্ধারিত ২০ কার্যদিবসের সময়সীমা কঠোরভাবে মেনে চলা এবং প্রত্যাখ্যানের ক্ষেত্রে লিখিত কারণ দর্শানো।
৫. অনুমাননির্ভর সংবাদের বদলে প্রামাণ্য নথির ভিত্তিতে সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমের সঙ্গে প্রাতিষ্ঠানিক যোগাযোগ স্থাপন।

Leave a Comment