শেখ মেহেদী হাসান নাদিম

সাধারণ মানুষের কাছে আদালত ও আইন-কানুনের ভাষা বরাবরই জটিল ও দূরবর্তী এক জগৎ। কোর্ট ফি, আইনজীবীর খরচ আর দীর্ঘসূত্রতার ভয়ে অনেক প্রান্তিক নাগরিক নিজের ন্যায্য অধিকারটুকু দাবি করতেও সাহস পান না। ঠিক এই জায়গাতেই প্রথাগত দূরত্ব ঘুচিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় রাষ্ট্রীয় আইনি সেবার বার্তা পৌঁছে দিচ্ছেন ময়মনসিংহের সিনিয়র সিভিল জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার সাইফুল ইসলাম।
কোন ধরনের বিরোধে সরাসরি আদালতে না গিয়ে আগে লিগ্যাল এইডে যেতে হবে, কোথায় ও কীভাবে আবেদন করতে হবে, কিংবা সমঝোতা না হলে পরবর্তী আইনি পদক্ষেপ কী—সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিয়মিত ও প্রাঞ্জল ভাষায় এসব প্রশ্নের উত্তর তুলে ধরছেন তিনি। শুধু তথ্য তুলে ধরাই নয়, সাধারণ নাগরিকদের করা বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দিয়ে তিনি আইনি প্রক্রিয়ার ভীতি দূর করার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বাংলাদেশের বিচারিক সংস্কৃতিতে একজন বিচারককে সাধারণত এজলাসের গাম্ভীর্যের ভেতর দূর থেকেই দেখার প্রচলন। সেখানে একজন কর্মরত বিচারক নিজের বিচারিক মর্যাদা ও শালীনতা অক্ষুণ্ণ রেখে জনস্বার্থে রাষ্ট্রের একটি কল্যাণমুখী আইনকে সাধারণ মানুষের ভাষায় ব্যাখ্যা করছেন—এই ইতিবাচক ও জনবান্ধব উদ্যোগটিই সচেতন মহলে প্রশংসা কুড়াচ্ছে।
নাগরিকদের জন্য সরকারি আইনি সহায়তার রূপরেখা
রাষ্ট্রীয় এই আইনি সহায়তা পাওয়ার পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সহজ ও নাগরিকবান্ধব। বিচারক সাইফুল ইসলামের জনসচেতনতামূলক দিকনির্দেশনা অনুযায়ী সেবার মূল ধাপগুলো নিচে তুলে ধরা হলো:
- যেসব বিরোধে আগে লিগ্যাল এইডে যাওয়া নাগরিকদের অধিকার: দেনমোহর ও ভরণপোষণ, বিবাহবিচ্ছেদ ও দাম্পত্য পুনর্মিলন, অপ্রাপ্তবয়স্ক সন্তানের অভিভাবকত্ব, দেওয়ানি আদালতের এখতিয়ারভুক্ত জমির ভাগ-বাঁটোয়ারা, জমি ক্রয়-বিক্রয়ের বায়না চুক্তি, কিশোর অপরাধ প্রতিরোধ আইনের ৩ ও ৪ ধারার অপরাধ, ভাড়া নিয়ন্ত্রণ আইনের অধীন অভিযোগ এবং বৃদ্ধ পিতা-মাতার ভরণপোষণ সংক্রান্ত বিরোধ।
- আবেদনের স্থান: নিজ জেলার জেলা লিগ্যাল এইড অফিস। ময়মনসিংহ জেলার ক্ষেত্রে এই কার্যালয়টি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে অবস্থিত।
- সেবার ব্যয়: এই প্রক্রিয়ায় কোনো ধরনের কোর্ট ফি বা সরকারি মাশুল লাগে না। এমনকি আবেদন বা শুনানির জন্য কোনো আইনজীবী নিয়োগেরও প্রয়োজন নেই। রাষ্ট্রীয় এই সেবা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়।
- নিষ্পত্তির প্রক্রিয়া ও আইনি ভিত্তি: আবেদনের পর লিগ্যাল এইড অফিস থেকে অপর পক্ষকে নোটিশ পাঠিয়ে মধ্যস্থতার তারিখ নির্ধারণ করা হয়। প্রশিক্ষিত মধ্যস্থতাকারীর উপস্থিতিতে উভয় পক্ষ সমঝোতায় পৌঁছালে তা লিখিত চুক্তিতে রূপ নেয়। এই সমঝোতা চুক্তি চূড়ান্ত ও বাধ্যতামূলক এবং তা দেওয়ানি আদালতের ডিক্রি হিসেবে গণ্য হয়—যার বিরুদ্ধে আপিল বা রিভিশনের কোনো অবকাশ থাকে না।
- মধ্যস্থতা ব্যর্থ হলে বা চুক্তি ভঙ্গ করলে করণীয়: আলোচনার পরও সমঝোতা না হলে লিগ্যাল এইড অফিস থেকে একটি আনুষ্ঠানিক প্রতিবেদন দেওয়া হয়, যা যুক্ত করে বাদী নিয়মিত আদালতে মামলা দায়ের করতে পারেন। অন্যদিকে সমঝোতা চুক্তির পর কোনো পক্ষ তা অমান্য করলে নতুন করে মূল মামলা না করেই সরাসরি পারিবারিক আদালতে ডিক্রি কার্যকর করার (জারি মামলা) আবেদন করা যায়।
বর্তমানে দেশের ২০টি জেলায় এই বাধ্যতামূলক প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম চালু রয়েছে। জেলাগুলো হলো—ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, মৌলভীবাজার, সুনামগঞ্জ, রংপুর, ফরিদপুর, কুষ্টিয়া, দিনাজপুর, সাতক্ষীরা, রাঙামাটি, সিলেট, মুন্সিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, কুড়িগ্রাম, নরসিংদী, ঝিনাইদহ, মাগুরা ও লক্ষ্মীপুর। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলাতেও এই বিধান সম্প্রসারিত হবে।
বিচারিক আচরণবিধি ও জনসচেতনতার সূক্ষ্ম সীমারেখা
বাংলাদেশে সরকারি লিগ্যাল এইড বা আইনগত সহায়তা কার্যক্রম নতুন না হলেও, একজন বিচারকের সরাসরি জনপরিসরে এসে প্রশ্নোত্তর আকারে নাগরিকদের পথ দেখানোর নজির বিরল। এর অন্যতম কারণ হলো বিচারকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট প্রশাসনের কঠোর নীতিমালা। ২০১৯ ও ২০২৩ সালের ধারাবাহিকতায় ২০২৪ সালেও অপ্রয়োজনীয় স্ট্যাটাস ও মন্তব্য থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। সর্বশেষ ২০২৬ সালের শুরুতে আদালতের কর্মঘণ্টায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়েও সুস্পষ্ট সতর্কবার্তা জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন।
তবে আইনজ্ঞ ও বিশ্লেষকদের মতে, বিচারিক আচরণবিধির মূল উদ্দেশ্য হলো বিচারাধীন বিষয়ে মন্তব্য, ব্যক্তিগত বা রাজনৈতিক মতাদর্শ প্রকাশ এবং বিচার বিভাগের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয় এমন কর্মকাণ্ড থেকে বিচারকদের বিরত রাখা। বিপরীতে, কর্মঘণ্টার বাইরে থেকে রাষ্ট্রীয় আইনের বিধান এবং সরকারি সেবার তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া বিচারিক দায়বদ্ধতারই একটি অংশ। সিনিয়র সিভিল জজ সাইফুল ইসলামের এই উদ্যোগটি কোনো ব্যক্তিগত মতপ্রকাশ নয়, বরং রাষ্ট্রের তৈরি করা আইনি সুরক্ষাবলয় সম্পর্কে নাগরিকদের সচেতন করার এক দায়িত্বশীল প্রয়াস।
আন্তর্জাতিক পরিমণ্ডলে বিচারকদের জনসম্পৃক্ততা
আধুনিক বিশ্বে বিচার বিভাগের গাম্ভীর্য বজায় রেখেও জনসচেতনতা তৈরিতে বিচারকদের ভূমিকা স্বীকৃত। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দপ্তরের (ইউএনওডিসি) ‘গ্লোবাল জুডিশিয়াল ইন্টিগ্রিটি নেটওয়ার্ক’-এর নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, বিচারিক আচরণবিধি মেনে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা হলে তা কেবল বিচারকদের প্রাতিষ্ঠানিক দক্ষতাই বাড়ায় না, বরং আইন ও বিচার ব্যবস্থা সম্পর্কে সাধারণ জনগণের আস্থা ও বোঝাপড়া গভীর করে।
আন্তর্জাতিক অঙ্গনেও এর সফল উদাহরণ রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রয়াত বিচারক ফ্রাঙ্ক ক্যাপরিও তাঁর আদালতের মানবিক ও শিক্ষণীয় বিচারিক কার্যক্রমের মাধ্যমে বিশ্বজুড়ে সাধারণ মানুষের কাছে আইনের মানবিক রূপটি তুলে ধরেছিলেন। ওহাইও অঙ্গরাজ্যের বিচারক উইলিয়াম ডসন ‘আস্ক জাজ ডসন’ শিরোনামের ডিজিটাল পর্বের মাধ্যমে সাধারণ মানুষের মৌলিক আইনি প্রশ্নের উত্তর দেন। টেক্সাস সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ডন উইলেট সামাজিক যোগাযোগমাধ্যমে আদালতের প্রাতিষ্ঠানিক কাজ সহজ ভাষায় ব্যাখ্যা করে বিপুল গ্রহণযোগ্যতা পেয়েছিলেন। এমনকি কানাডায় ফেডারেল বিচারকদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে জনসম্পৃক্ততার পরিধি নিয়ে আলাদা প্রাতিষ্ঠানিক নির্দেশিকাও রয়েছে। অর্থাৎ উন্নত বিচার ব্যবস্থায় প্রশ্নটি এখন আর “বিচারক জনপরিসরে থাকবেন কি না” তা নয়, বরং “কীভাবে বিচারিক মর্যাদা রক্ষা করে জনসচেতনতা বাড়াবেন” সেটিই মুখ্য।
ব্যক্তিগত উদ্যোগ থেকে প্রাতিষ্ঠানিক কাঠামোর পথে
ময়মনসিংহের জেলা লিগ্যাল এইড অফিসের এই জনবান্ধব তৎপরতা প্রমাণ করে, সদিচ্ছা থাকলে প্রচলিত কাঠামোর ভেতর থেকেই সাধারণ মানুষের ভোগান্তি কমানো সম্ভব। একজন বিচারকের এই ইতিবাচক ও দূরদর্শী প্রচেষ্টা নিঃসন্দেহে সাধুবাদ পাওয়ার যোগ্য। যদি নীতিনির্ধারকদের পক্ষ থেকে এই ধরনের জনকল্যাণমূখী কার্যক্রমকে যত্নশীল দৃষ্টিতে দেখা হয় তবেই আগামী দিনের সম্বৃদ্ধ বাংলাদেশ গড়ে তুআকৃষ্ট হবেন হাজার হাজার প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তাগণ!