মনজুরুল হক, শেরপুর প্রতিনিধি

যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে শেরপুরে ৬ হাজার ৫৮০ জন যুবক-যুবতীকে প্রশিক্ষণ ও জীবিকাসংশ্লিষ্ট কার্যক্রমের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘ইকোনমিক অ্যাকসেলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (EARN)’ প্রকল্পের মাধ্যমে তাঁদের দক্ষতা উন্নয়নে কাজ করা হবে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকালে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ উপলক্ষে জেলা পর্যায়ের এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালা ও প্রকল্পের লক্ষ্যমাত্রা
যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং কেয়ার বাংলাদেশের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মশালায় জানানো হয়, EARN প্রকল্পের আওতায় ময়মনসিংহ বিভাগের চার জেলার ২৩টি উপজেলার প্রায় ৫৬ হাজার যুবক-যুবতীকে দক্ষতা উন্নয়ন ও জীবিকাসংশ্লিষ্ট কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে শেরপুর জেলার ৬ হাজার ৫৮০ জন যুবক-যুবতী এ সুবিধা পাবেন। প্রকল্পের উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরেন টিম ফোকাল গোলাম রব্বানী।
বক্তব্য ও অংশগ্রহণ
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. হারুন অর রশীদ খান। এ সময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাখাওয়াত হোসেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক কামরুজ্জামান খান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. লুৎফুল কবীর, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেজওয়ানুল হক ভূঁইয়া এবং সাংবাদিক কাকন রেজা, মাসুদ হাসান বাদল ও রফিক মজিদ।
বক্তারা স্থানীয় শ্রমবাজারের চাহিদা অনুযায়ী যুবকদের দক্ষ করে গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নিয়োগকর্তা, ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।