শেখ মেহেদী হাসান নাদিম

ঘটনাস্থলে উপস্থিত থাকলে প্রশ্ন—গুলি থামালেন না কেন? আর উপস্থিত না থাকলে প্রশ্ন—সাক্ষী হলেন কীভাবে? তার ওপর তিনি যদি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হন, তাহলে আরেকটি প্রশ্ন সামনে আসে—ঘটনার সময় তাঁর ভূমিকা কী ছিল? তিনি কি কেবল একজন প্রত্যক্ষদর্শী, নাকি পুলিশের অভিযান পরিচালনা ও নিয়ন্ত্রণের দায়িত্বেও ছিলেন?
রংপুরে আবু সাঈদ হত্যা মামলায় ১৬ নম্বর সাক্ষী হিসেবে যাঁর নাম এসেছে, তিনি বর্তমানে ময়মনসিংহ রেঞ্জে কর্মরত অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আবু বকর সিদ্দীক। অথচ তাঁর সাক্ষী পরিচয়, ঘটনাস্থলে উপস্থিতি এবং জুলাই আন্দোলনে পুলিশের গুলিবর্ষণ নিয়ে তাঁর পূর্ববর্তী দাপ্তরিক ভূমিকার মধ্যে এমন কিছু প্রশ্ন রয়েছে, যার উত্তর জনসমক্ষে পরিষ্কার হওয়া জরুরি।

বাংলাদেশ পুলিশের ২১তম বিসিএস ব্যাচের কর্মকর্তা আবু বকর সিদ্দীক ২০২৩ সালে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পান। জুলাই আন্দোলনের সময় তিনি সিটি স্পেশাল ব্রাঞ্চের (সিটি এসবি) পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওই সময় আবু সাঈদের ওপর পুলিশের গুলিবর্ষণের ঘটনায় ৬১ রাউন্ড তাজা গুলি ব্যবহারের বিষয়টি তদন্তের আওতায় আসে। তাঁর দাপ্তরিক তদন্ত প্রতিবেদনে ওই গুলিবর্ষণকে ‘যুক্তিসংগত’ হিসেবে উল্লেখ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

এখানেই প্রশ্ন—একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার দায়িত্ব কি কেবল ঘটনার পর প্রতিবেদন তৈরি করা, নাকি তাঁর অধীনস্থ পুলিশ সদস্যদের কর্মকাণ্ডের জবাবদিহিও নিশ্চিত করা? ৬১ রাউন্ড গুলিবর্ষণ যদি যুক্তিসংগত হয়ে থাকে, তাহলে সেই সিদ্ধান্তের ভিত্তি কী ছিল? আর তা যদি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে থাকে, তাহলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা কী ছিল?
‘আমি তো আজ বাদে কালই যাচ্ছি হত্যা মামলায় সাক্ষী দিতে!’
২০২৫ সালের ১১ নভেম্বর ময়মনসিংহ মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও কয়েকজন কর্মী সাংবাদিক শেখ মেহেদী হাসান নাদিমকে সঙ্গে নিয়ে আবু বকর সিদ্দীকের একটি রেকর্ডকৃত সাক্ষাৎকার গ্রহণ করেন।
সাক্ষাৎকারে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “আমি কেন ফ্যাসিস্ট হতে যাব? আমি তো আজ বাদে কালই যাচ্ছি এই হত্যা মামলায় সাক্ষী দিতে!”
তাঁর এই বক্তব্যের যথার্থতা জানতে চাইলে তিনি আরও বলেন, “আমার আপন সহোদর বেগম রোকেয়াতে চাকরি করেন, তিনিই কীভাবে সাক্ষী হিসেবে নাম ঢুকিয়ে দিয়েছে।”
অর্থাৎ, একদিকে তিনি নিজেকে হত্যা মামলার সাক্ষী হিসেবে উপস্থাপন করছেন, অন্যদিকে সাক্ষী হিসেবে নাম অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি নিজের সহোদরের মাধ্যমে হয়েছে বলে দাবি করছেন।

এরপর ২০২৬ সালের জানুয়ারিতে প্রথম আলোর কাছে দেওয়া বক্তব্যেও তিনি নিজেকে আবু সাঈদ হত্যা মামলার ১৬ নম্বর সাক্ষী হিসেবে পরিচয় দেন। সেখানে গুলিবর্ষণে বাধা দেওয়ার প্রসঙ্গ উঠলে তাঁর বক্তব্য ছিল, বিষয়টি এখন আর মনে নেই। ৬১ রাউন্ড তাজা গুলিবর্ষণকে ‘যুক্তিসংগত’ বলার তদন্ত প্রতিবেদন সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, “সে তো অনেক আগের কথা, কী যে লিখেছিলাম, মনে নেই!”
এখানে দুটি প্রশ্ন গুরুত্বপূর্ণ। প্রথমত, একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা হিসেবে তাঁর দাপ্তরিক তদন্ত প্রতিবেদনের বক্তব্য কি এতটাই গুরুত্বহীন যে কয়েক মাসের ব্যবধানে তিনি সেটি মনে করতে পারছেন না? দ্বিতীয়ত, যিনি নিজেকে ঘটনাটির সাক্ষী হিসেবে পরিচয় দিচ্ছেন, তাঁর নিজের পর্যবেক্ষণ ও দাপ্তরিক তদন্তের সিদ্ধান্তের মধ্যে সম্পর্ক কী?
১৬ নম্বর সাক্ষী কি সেই অতিরিক্ত ডিআইজি?
২০২৫ সালের ১১ নভেম্বর ক্যামেরার সামনে তিনি বলেছিলেন, “আজ বাদে কালই যাচ্ছি এই হত্যা মামলায় সাক্ষী দিতে।” এর ঠিক দুই দিন পর, ১৩ নভেম্বর ২০২৫ তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আবু সাঈদ হত্যা মামলায় ১৬ নম্বর সাক্ষী হিসেবে যিনি সাক্ষ্য দেন, তাঁর পরিচয় ছিল পুলিশের নায়েক আবু বকর সিদ্দিক।

এখানে নামের মিল, পদমর্যাদা এবং সাক্ষীর পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ার যথেষ্ট অবকাশ রয়েছে। অতিরিক্ত ডিআইজি মো. আবু বকর সিদ্দীক এবং পুলিশের নায়েক আবু বকর সিদ্দিক—দুজনকে এক ব্যক্তি ধরে নেওয়ার সুযোগ নেই। ট্রাইব্যুনালের সাক্ষ্যতালিকা ও সংশ্লিষ্ট নথি থেকে ১৬ নম্বর সাক্ষীর পূর্ণ পরিচয় নিশ্চিত করাই এ ক্ষেত্রে জরুরি।
তাহলে অতিরিক্ত ডিআইজি আবু বকর সিদ্দীক নিজেকে যে ১৬ নম্বর সাক্ষী হিসেবে পরিচয় দিয়েছেন, সেটির ভিত্তি কী? তিনি কি সত্যিই ওই মামলায় সাক্ষ্য দিয়েছেন, নাকি নামের সাদৃশ্যের কারণে অন্য একজনের পরিচয় সামনে এসেছে? এই প্রশ্নের নির্ভরযোগ্য উত্তর সংশ্লিষ্ট আদালতের নথি থেকেই পাওয়া উচিত।
প্রত্যক্ষদর্শী হলেই কি মৃত্যুর কারণ নির্ধারণের অধিকার জন্মায়?
এই অনুসন্ধানের আরেকটি গুরুত্বপূর্ণ যোগসূত্র রয়েছে আবু সাঈদের ময়নাতদন্ত প্রতিবেদন নিয়ে।
এর আগের পর্বে আমরা দেখেছি, ফরেনসিক চিকিৎসক ডা. মো. রাজিবুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়ে অভিযোগ করেছেন, তাঁর মূল ময়নাতদন্ত প্রতিবেদনে ছররা গুলির আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণকে মৃত্যুর কারণ উল্লেখ করা হলেও পুলিশি চাপে তাঁকে ৫বার প্রতিবেদন পরিবর্তন করতে হয়েছে। এমনকি মৃত্যুর কারণ হিসেবে ‘হেড ইনজুরি’ লেখার চাপ এবং বিদেশ ভ্রমণের প্রলোভন দেওয়ার কথাও তিনি বলেছেন।
তাহলে প্রশ্ন হলো, একজন প্রত্যক্ষদর্শী পুলিশ কর্মকর্তা যা দেখেছেন, সেটিই কি ময়নাতদন্ত প্রতিবেদনে লিখতে হবে? এমন কোনো বিধান কি আছে, যেখানে প্রত্যক্ষদর্শীর বক্তব্যের ভিত্তিতে ফরেনসিক চিকিৎসককে তাঁর চিকিৎসাবৈজ্ঞানিক মতামত পরিবর্তন করতে হবে?
মোটেই নয়। প্রত্যক্ষদর্শী ঘটনার বিবরণ দিতে পারেন, তদন্ত কর্মকর্তা আলামত সংগ্রহ ও তদন্ত করতে পারেন, আর ফরেনসিক চিকিৎসক শারীরিক ও চিকিৎসাবৈজ্ঞানিক পরীক্ষার ভিত্তিতে মৃত্যুর কারণ সম্পর্কে মতামত দেবেন। সাক্ষীর বক্তব্য ও ময়নাতদন্তের চিকিৎসাবৈজ্ঞানিক সিদ্ধান্ত এক জিনিস নয়।
আর একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার ভূমিকা যদি ঘটনাস্থলে পুলিশি কার্যক্রমের তদারকি বা নির্দেশনার সঙ্গে যুক্ত থাকে, তাহলে তাঁকে কেবল সাধারণ দর্শক হিসেবে দেখারও সুযোগ নেই। তাঁর দায়িত্ব, ক্ষমতা, উপস্থিতি এবং সিদ্ধান্ত গ্রহণের ভূমিকা আলাদাভাবে যাচাই করা প্রয়োজন।
নির্দেশদাতা যখন সাক্ষী, তখন জবাবদিহি কার কাছে?
আবু সাঈদ দুই হাত প্রসারিত করে পুলিশের অস্ত্রের সামনে দাঁড়িয়ে ছিলেন। সেই মুহূর্তে সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের গুলিবর্ষণ, ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভূমিকা এবং পরবর্তী তদন্ত—সবকিছুরই নিরপেক্ষ অনুসন্ধান হওয়া জরুরি।
যদি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত থেকে গুলিবর্ষণ প্রত্যক্ষ করে থাকেন, তাহলে তিনি কেন তা থামাতে পারেননি—এই প্রশ্ন উঠতেই পারে। আর যদি তিনি ঘটনাস্থলে উপস্থিত না থাকেন, তাহলে কোন তথ্য ও প্রমাণের ভিত্তিতে নিজেকে ওই ঘটনার সাক্ষী হিসেবে উপস্থাপন করছেন, সেটিও স্পষ্ট হওয়া দরকার।
আরও বড় প্রশ্ন—যিনি পুলিশের গুলিবর্ষণকে ‘যুক্তিসংগত’ বলে তদন্ত প্রতিবেদন দিয়েছেন, তিনি নিজেই যদি সেই ঘটনার সাক্ষী হন, তাহলে তাঁর তদন্তের নিরপেক্ষতা ও স্বার্থের সংঘাতের বিষয়টি কীভাবে মূল্যায়ন করা হবে?
অন্যদিকে, ফরেনসিক চিকিৎসকের জবানবন্দিতে উঠে আসা ময়নাতদন্ত প্রতিবেদন পরিবর্তনের চাপের অভিযোগ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতির বিষয়টিও তদন্তের দাবি রাখে।
প্রত্যক্ষদর্শী হওয়া অপরাধ নয়। সাক্ষী হওয়াও অপরাধ নয়। কিন্তু সাক্ষীর পরিচয়, তাঁর দাপ্তরিক ভূমিকা, তদন্তের নিরপেক্ষতা এবং ফরেনসিক চিকিৎসকের ওপর প্রভাব বিস্তারের অভিযোগ—এসব প্রশ্নের জবাব অবশ্যই থাকতে হবে।