রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

নিকাহ রেজিস্ট্রারদের বিদ্যমান অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে ময়মনসিংহে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালিত হয়েছে।
আজ সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সকালে কেন্দ্রীয় কাজী সমিতির কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার ও নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির দাবি ও বক্তাদের বক্তব্য
ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশন এলাকায় একের অধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের খসড়া প্রস্তাব বাতিল এবং পেশাগত অধিকার, মর্যাদা ও কর্ম-অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
বক্তারা বলেন, নির্ধারিত কর্ম-এলাকায় লাইসেন্সপ্রাপ্ত কাজীরা নিষ্ঠা ও শরিয়াহসম্মত উপায়ে বিবাহ ও তালাক নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার নির্দেশনা এবং তৎকালীন আইনমন্ত্রীর তত্ত্বাবধানে আলেম-ওলামা ও সমিতির নেতৃবৃন্দের দীর্ঘ আলোচনার ভিত্তিতে এই সুশৃঙ্খল প্রশাসনিক কাঠামো স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
নেতৃবৃন্দের উপস্থিতি ও পরিচালনা
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সমিতির সহ-সভাপতি কাজী এনায়েতুর রহমান। লিখিত দাবি উপস্থাপন করেন জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় অর্থ সম্পাদক কাজী মো. আব্দুর রাজ্জাক।
কাজী সামিরুল ইসলামের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কাজী মো. জামাল উদ্দিন। এ সময় হালুয়াঘাটের কাজী মো. রিয়াজুল কবীর, ফুলপুরের কাজী মো. নুরুল আলম শামিম ও কাজী মুফতি মাওলানা শফিকুল ইসলাম, ভালুকার কাজী মাওলানা শেখ মুহাম্মদ আলী এবং মুক্তাগাছার কাজী অধ্যক্ষ মাওলানা মো. নুরুল আমিনসহ জেলার বিভিন্ন উপজেলার কাজীরা বক্তব্য রাখেন।