মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম প্রতিনিধি

শিশুদের অধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং খেলাধুলার মাধ্যমে তাদের দৈহিক ও মানসিক বিকাশ ত্বরান্বিত করার লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
”শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বিকেলে ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) আয়োজনে, অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এবং উইমেন ইনিশিয়েটিভ ফর কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (এলআরপি-৫২)-এর বাস্তবায়নে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ফাইনাল খেলার ফলাফল
বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিত বালিকা বিভাগের রোমাঞ্চকর ফাইনালে উত্তর শিমুলবাড়ী উচ্চ বিদ্যালয় বালিকা ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয় ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এরপর বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত বালক বিভাগের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে বড়ভিটা উচ্চ বিদ্যালয় বালক ফুটবল দল ২-১ গোলে শিমুলবাড়ী মিয়াপাড়া নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় দলকে পরাজিত করে শিরোপা জয় করে। খেলা চলাকালীন মাঠজুড়ে দর্শকদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উপস্থিত অতিথিবৃন্দ
খেলা শেষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মজিবর রহমান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী, শিমুলবাড়ী মিয়াপাড়া নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমা বেগম, উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম এবং সংস্থাটির অন্যান্য প্রতিনিধিবৃন্দ।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আয়োজিত এই ফুটবল প্রতিযোগিতা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের মাঝে পারস্পরিক সহযোগিতা, সামাজিক সম্প্রীতি ও দলগত চেতনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।