মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি গোপন দেশীয় অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে মো. সাইফুল ইসলাম ওরফে শাকের হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় অস্ত্র তৈরির কারখানা থেকে একটি দেশীয় একনলা বন্দুক, বিভিন্ন যন্ত্রাংশ এবং অস্ত্র তৈরির নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) রাত ৭টা ১৫ মিনিটের দিকে সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আকরাম উদ্দিন হাজী বাড়ির কাচারিঘরে এই অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অভিযান ও অস্ত্র উদ্ধার
ডিবি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মো. ওসমান গনি সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালান। এ সময় ঘটনাস্থল থেকে সাইফুল ইসলাম ওরফে শাকের হোসেনকে আটক করা হয়। তিনি দেওটি ইউনিয়নের আকরাম উদ্দিন হাজী বাড়ির মৃত মুমিন উল্লাহ ও মমতাজ বেগমের ছেলে।
অভিযুক্তের দেখানো স্থান ও কারখানায় তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, বন্দুকের কাঠের ও লোহার বাট, বডির বিভিন্ন অংশ, ট্রিগার, বোল্টসহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। এ ছাড়া অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত তিনটি প্লাস, তারসহ একটি গ্রাইন্ডিং মেশিন, তিনটি রেত এবং ছোট-বড় আটটি এসএস স্টিলের অংশ জব্দ করা হয়।
আইনি ব্যবস্থা
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধার করা সরঞ্জামগুলো দীর্ঘদিন ধরে দেশীয় অস্ত্র তৈরির কাজে ব্যবহার করা হচ্ছিল। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।