বাবার সাথে

​আলেয়া মান্নান

​বাবার সাথে হাটে যাচ্ছি,

চুপিচুপি ইশারায় সখীদেরও ডাকছি।

যাবার পথে মনে মনে খুব আনন্দ পাচ্ছি,

কত কিছু কিনবো হাটে, তাই যেন ভাবছি!

​মাঝে মাঝে পিছু ফিরে চেয়ে দেখি বাড়ি,

সামনে দেখি গণেশ্বরী নদী, দিতে হবে পাড়ি।

​নদী পারের জন্য আমরা জমা দিলাম কড়ি,

ওমনি দেখি মাঝি ভাই নৌকা দিলো ছাড়ি।

ও মাঝি ভাই শুনছো নাকি? এদিক ফিরে চাও,

বাবার সাথে হাটে যাবো, ওপার নিয়ে যাও।

​খেলনা পুতুল কিনবো আমি,

হাট থেকে ফিরবো যখন, দেখে নিও তুমি।

​রঙ-বেরঙের কিনবো গাড়ি, আরও কিনবো ঘড়ি,

বোনের জন্য রঙিন জামা, কিনবো ফিতা-চুড়ি।

ভাইয়ের জন্য খেলনা কিনবো, খাবার নেবো মুড়ি,

সবার শেষে মায়ের জন্য কিনবো একটি শাড়ি।

​ও মাঝি ভাই বলি তোমায়, পার করিয়া দাও—

তোমার জন্যও নিয়ে আসবো, যদি কিছু চাও!