স্টাফ রিপোর্টর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। রবিবার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
দ্বিপাক্ষিক সম্পর্ক ও বহুমাত্রিক সহযোগিতার তাগিদ
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক জানান, সাক্ষাতকালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক করার ওপর উভয় পক্ষই গুরুত্বারোপ করেন। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
বাণিজ্য, শিক্ষা ও অর্থনৈতিক খাতে সহযোগিতা
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, অর্থনৈতিক সহযোগিতা, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, অভিবাসন এবং মানবসম্পদ উন্নয়নসহ সম্ভাব্য ক্ষেত্রগুলোতে যৌথ কাজ সম্প্রসারণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রায় যুক্তরাজ্যের বিদ্যমান সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগের পরিধি আরও কীভাবে বাড়ানো যায় এবং সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচন করা যায়, সে বিষয়ে উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে অন্যান্যের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।