প্রযুক্তি ডেস্ক
পাহাড়ে ট্রেকিং, দুর্গম এলাকা ভ্রমণ কিংবা দুর্বল সিগন্যালের স্থানে নেটওয়ার্কের বাইরে চলে গেলেও যোগাযোগ রক্ষা করতে নতুন সমাধান নিয়ে এসেছে প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স। তাদের নতুন ‘আল্ট্রালিংক’ (UltraLink) ফিচারের মাধ্যমে কোনো প্রকার সিম সিগন্যাল বা ইন্টারনেট সংযোগ ছাড়াই সামঞ্জস্যপূর্ণ ডিভাইসগুলো একে অপরের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে পারবে।
ঢাকা থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, যেকোনো নেটওয়ার্কহীন বা দুর্গম এলাকায় সংযোগ বিচ্ছিন্ন হওয়ার চ্যালেঞ্জ মোকাবিলায় এ প্রযুক্তিটি সহায়ক হবে।
কীভাবে কাজ করবে আল্ট্রালিংক প্রযুক্তি?
ইনফিনিক্সের ইন-হাউস ল্যাব পরীক্ষার তথ্য অনুযায়ী, খোলা পরিবেশে এবং কোনো বাধা না থাকলে ‘ইনফিনিক্স হট ৭০ প্রো ৫জি’ হ্যান্ডসেট ব্যবহার করে সর্বোচ্চ ১.৫ কিলোমিটার পর্যন্ত দূরত্বে এই সংযোগ বজায় রাখা সম্ভব হয়েছে। তবে পারিপার্শ্বিক অবস্থা ও ভৌগোলিক পরিবেশভেদে এই দূরত্বের কিছুটা তারতম্য হতে পারে।
এই প্রযুক্তিতে মোবাইল টাওয়ারের ওপর নির্ভর না করে আল্ট্রালিংক সক্ষম ফোনগুলো নির্দিষ্ট সীমার মধ্যে নিজেদের মধ্যে সরাসরি নেটওয়ার্ক বলয় তৈরি করে নেয়। এর সাহায্যে চালুর পর ব্যবহারকারীরা ভয়েস কলের পাশাপাশি টেক্সট মেসেজ ও ছবি সরাসরি আদান-প্রদান করতে পারবেন।
যেসব ডিভাইসে মিলবে এই সুবিধা
প্রাথমিকভাবে ইনফিনিক্সের হট ৭০ সিরিজ, নোট ৬০ সিরিজ এবং স্মার্ট ২০ ফোনের সিরিজগুলোতে এই ‘আল্ট্রালিংক’ সুবিধা পাওয়া যাবে। এতে করে বিপুল সংখ্যক গ্রাহক প্রচলিত মোবাইল নেটওয়ার্ক ছাড়াও যোগাযোগ রক্ষার এই প্রযুক্তির আওতায় আসতে পারবেন।
জরুরি মুহূর্তের বিকল্প মাধ্যম
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, স্মার্টফোন প্রযুক্তিতে সাধারণত ক্যামেরা, প্রসেসর বা ব্যাটারির ওপর বেশি নজর দেওয়া হলেও নেটওয়ার্ক চলে গেলে ফোনকে সচল রাখার প্রাথমিক উদ্দেশ্য পূরণেই আল্ট্রালিংক তৈরি করা হয়েছে। এটি মূল নেটওয়ার্কের সম্পূর্ণ বিকল্প না হলেও দুর্গম পথ ও সিগন্যালবিহীন পরিস্থিতিতে একটি কার্যকর অতিরিক্ত মাধ্যম হিসেবে ব্যবহারকারীদের সংযুক্ত রাখবে।