গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রতীকী ছবি

পেনসিলভেনিয়ায় ২৭ বাংলাদেশি গ্র্যাজুয়েটকে সম্মাননা

প্রবাস বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা ২৭ বাংলাদেশি শিক্ষার্থীকে সম্মাননা দিয়েছে বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসিলভেনিয়া (BACF)।

১২ সেপ্টেম্বর আপার ডার্বির ঢাকা ক্লাব পার্টি সেন্টারে অনুষ্ঠিত ‘4th BACF Graduation & Reception Awards 2026’ অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা পদক ও সনদ তুলে দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে হার্ভার্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়া, ড্রেক্সেল ইউনিভার্সিটি ও টেম্পল ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও ছিলেন।

শিক্ষা ও কমিউনিটি অবদানে বিশেষ সম্মাননা

একই অনুষ্ঠানে শিক্ষা, চিকিৎসা, পরিবেশ, রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ চার ব্যক্তি ও একটি সংগঠনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে ছিলেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল মতিন তাপাদার, ড. মো. খালেকুজ্জামান, ড. ইবরুল চৌধুরী ও আলাউদ্দিন পাটোয়ারী। বাংলাদেশি-আমেরিকান কমিউনিটিতে সাংগঠনিক অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়্যার ভ্যালিকেও সম্মাননা দেওয়া হয়।

চার শতাধিক অতিথির অংশগ্রহণ

অনুষ্ঠানে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির শিক্ষাবিদ, চিকিৎসক, ব্যবসায়ী, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকসহ চার শতাধিক মানুষ অংশ নেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও পেশাগত সাফল্যের পাশাপাশি সমাজ ও কমিউনিটির প্রতি দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

হার্ভার্ড ইউনিভার্সিটির স্নাতকোত্তর শিক্ষার্থী ফাহিম ইসলাম ধ্রুব বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন। অভিভাবকদের পক্ষ থেকেও বক্তব্য দেন প্রফেসর খায়ের মোহাম্মদ মিয়া, ফারুক সলিমুল্লাহ ও রুমানা আলম।

স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতি

অনুষ্ঠানে ফিলাডেলফিয়া সিটি কাউন্সিল অ্যাট-লার্জের ড. নিনা আহমেদ, আপার ডার্বি টাউনশিপের মেয়র এড ব্রাউন, মিলবোর্ন বরোর মেয়র মাহবুবুল আলম তৈয়ব, পেনসিলভেনিয়া স্টেট সিনেটর শরীফ স্ট্রিট, স্টেট রিপ্রেজেন্টেটিভ তারিক খান এবং পেনসিলভেনিয়া স্টেট অফিস অব পলিসি অ্যান্ড প্ল্যানিংয়ের সেক্রেটারি আকবর হোসাইন উপস্থিত ছিলেন।

ফিলাডেলফিয়া সিটি ও পেনসিলভেনিয়া স্টেটের পক্ষ থেকে BACF-এর হাতে প্রো-ক্লেমেশন বা প্রশংসাপত্র তুলে দেওয়া হয়।

সূত্র: প্রথম আলো নিউইয়র্ক, বর্ণমালা নিউজ ও সংশ্লিষ্ট আয়োজকদের তথ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *