নরসিংদীতে পারিবারিক ক্ষোভের নির্মম বহিঃপ্রকাশ: ২ মাসের শিশুর পা ভেঙে দিল আপন চাচি!
সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মাধবদীতে মাত্র দুই মাসের এক নিষ্পাপ নবজাতকের পা ভেঙে দেওয়ার মতো গা শিউরে ওঠা নির্মম অভিযোগ উঠেছে তার আপন চাচির (বাবার বড় ভাইয়ের স্ত্রী) বিরুদ্ধে। পারিবারিক ক্ষোভের জেরে দুই মাসের এই দুগ্ধপোষ্য শিশুর ওপর চালানো এমন বর্বর নির্যাতনের ঘটনা জানাজানি হওয়ার পর পুরো এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে।
অস্বাভাবিক কান্না ও মায়ের সন্দেহ
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, প্রায়শই শিশুটিকে ঘুমন্ত অবস্থায় রেখে তার মা সায়েবা ঘরের জরুরি কাজে কিংবা বাথরুমে যেতেন। কিন্তু মা চোখের আড়াল হওয়া মাত্রই শান্ত ঘুমে থাকা শিশুটি হঠাৎ তীব্র চিৎকারে কেঁদে উঠত। দিনের পর দিন মা ঘরের বাইরে গেলেই শিশুটির এমন অস্বাভাবিক ও কান্নাকাটির কারণে মা সায়েবার মনে গভীর সন্দেহের দানা বাঁধে।
গোপন ক্যামেরায় ধরা পড়ল নির্মমতা
সন্দেহের অবসান ঘটাতে ও কান্নার রহস্য উদঘাটন করতে মা সায়েবা এক অভিনব কৌশল অবলম্বন করেন। ঘটনার দিন তিনি ঘরের এক কোণে গোপনে একটি মোবাইল ক্যামেরা সচল (রেকর্ডিং অন) রেখে বাথরুমে যান।
পরবর্তীতে বাথরুম থেকে ফিরে এসে মোবাইলে ধারণকৃত ভিডিও ফুটেজ দেখে মায়ের চোখ চড়কগাছ হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, মা ঘর থেকে বের হওয়া মাত্রই আপন চাচি অত্যন্ত হিংস্রভাবে ঘরে প্রবেশ করে এবং ঘুমন্ত শিশুটির ওপর পৈশাচিক নির্যাতন চালিয়ে পা মুচড়ে ভেঙে দেয়।
আইনি পদক্ষেপের প্রস্তুতি
পারিবারিক আক্রোশের এমন নির্মম শিকার হওয়া দুই মাসের অবুঝ শিশুটি বর্তমানে তীব্র যন্ত্রণায় ছটফট করছে। অত্যন্ত সংবেদনশীল ও অমানবিক এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে স্থানীয় মাধবদী থানায় মামলা দায়ের ও পুলিশকে অবহিত করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে ভুক্তভোগী পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।
