সেনবাগে গরুর বাজার দেখতে গিয়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট এলাকায় কোরবানির গরুর বাজার দেখতে গিয়ে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাকের চাপায় মাহিদ হোসেন সাকিব (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৩ মে ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে ফেনী–নোয়াখালী ফোরলেন মহাসড়কের সেনবাগ উপজেলার সেবারহাট বাজারের পশ্চিম পাশে তিনপুকুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই প্রাণহানি

নিহত শিশু সাকিব স্থানীয় মোহাম্মদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর রাজারামপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জমে ওঠা সেবারহাট এলাকার গরুর বাজার দেখতে বাড়ি থেকে বের হয়েছিল শিশু সাকিব। তিনপুকুরিয়া এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক তাকে সজোরে চাপা দেয়। ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশু সাকিবের মর্মান্তিক মৃত্যু হয়।

ক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ ও তীব্র যানজট

একটি নিষ্পাপ শিশুর এমন আকস্মিক ও নৃশংস মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসী ও হাটে আসা ক্ষুব্ধ লোকজন তাৎক্ষণিকভাবে ফেনী–নোয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। অবরোধের কারণে ব্যস্ততম এই মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং সড়কের উভয় পাশে শত শত যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়ে তীব্র যানজট দেখা দেয়।

চালক-হেলপার আটক, পরিস্থিতি স্বাভাবিক

খবর পেয়ে সেনবাগ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় পৌনে এক ঘণ্টা পর বিকেল সোয়া ৪টার দিকে মহাসড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করে পুলিশে দেয়। পরে আমরা তাদেরকে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *