খালিয়াজুড়িতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা: সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার হাওরবেষ্টিত খালিয়াজুড়ি উপজেলায় সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে এই সভা সম্পন্ন হয়।

উপস্থিত অতিথিবৃন্দ ও সঞ্চালনা

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রীতিভোষণ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন: আমীর, উপজেলা জামায়াতে ইসলামী।
  • মাহাবুর রহমান তালুকদার কেষ্ট: সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি।
  • জহির আহমেদ জিকো: নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী।

বক্তব্য ও আলোচনার বিষয়বস্তু

সভায় হাওরাঞ্চলের কৃষি, মৎস্য ও জানমালের নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, হাসপাতালের চিকিৎসক ফজলুল হক কাজল, খালিয়াজুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সৌম্য বর্মন, খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির উদ্দিন এবং উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ।

বক্তারা বিশেষ করে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে কৃষকের ফসল রক্ষা এবং আকস্মিক বন্যা শুরু হলে দ্রুত ত্রাণ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির নির্দেশনা

সভাপতির বক্তব্যে ইউএনও নাদির হোসেন শামীম বলেন, “প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আমাদের সকলকে দল-মত নির্বিশেষে এগিয়ে আসতে হবে। কেউ পিছিয়ে থাকলে চলবে না। দুর্যোগের সময় একে অন্যের সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণকে দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *