প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ: ‘ষড়যন্ত্র’ দাবি করে মানববন্ধন

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার দারুল আরকাম ইসলামিয়া মাদরাসার প্রধান শিক্ষক মো. আবুল খায়েরের (৩৫) বিরুদ্ধে আনা শ্লীলতাহানির অভিযোগকে “ষড়যন্ত্রমূলক” দাবি করে মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সকাল ১০টার দিকে উপজেলার চরজুবলি ইউনিয়নের দারুল আরকাম ইসলামিয়া মাদরাসা মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কয়েক হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে এলাকাবাসীর দাবি

মানববন্ধনে বক্তব্য রাখেন ৯ নম্বর সমাজ বায়তুল হাবীব জামে মসজিদের সেক্রেটারি মো. জাহের হোসেন, মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি মাফুজুর রহমান আল মাদানী এবং হেফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ শহীদ উল্যাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা দাবি করেন, প্রধান শিক্ষক আবুল খায়েরের বিরুদ্ধে আনা অভিযোগটি ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাজানো হয়েছে। তারা অভিযোগের সময়কাল নিয়ে প্রশ্ন তুলে বলেন, “কথিত ঘটনার প্রায় দুই মাস পর মামলা দায়ের করা হয়েছে, যা বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি করে। একটি স্বার্থান্বেষী মহল শিক্ষককে সামাজিকভাবে হেয় করতে এই পথ বেছে নিয়েছে।” তারা দ্রুত মামলা প্রত্যাহার ও ঘটনার পেছনের ষড়যন্ত্রকারীদের বিচারের দাবি জানান।

বাদীর অবস্থান ও পুলিশের বক্তব্য

অন্যদিকে, মামলার বাদী তার অভিযোগে অটল রয়েছেন এবং নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। অভিযোগের সত্যতা ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শেষে মামলা গ্রহণ করা হয়েছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে। সচেতন মহল ও সকল পক্ষই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *