জরাজীর্ণ সেতু: জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার, দ্রুত সংস্কারের দাবি
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ও আশপাশের চরাঞ্চলের মানুষের চলাচলের অন্যতম প্রধান সেতুটি বর্তমানে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রায় চার দশক আগে নির্মিত এই সেতুটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এখন মরণফাঁদে পরিণত হয়েছে। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে হাজারো মানুষকে।
সেতুর বর্তমান কঙ্কালসার দশা
স্থানীয় সূত্রে জানা যায়, সেতুটির বিভিন্ন অংশে বড় বড় ফাটল দেখা দিয়েছে। লোহার কাঠামো ও রড বেরিয়ে আসার পাশাপাশি অনেক জায়গায় স্ল্যাব ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। তবুও বিকল্প কোনো নিরাপদ পথ না থাকায় স্কুল-কলেজের শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ ও ব্যবসায়ীরা বাধ্য হয়েই এই বিপজ্জনক সেতুটি ব্যবহার করছেন।

জনদুর্ভোগ ও ক্ষোভ
এলাকাবাসীর অভিযোগ, সেতুটির জরাজীর্ণ অবস্থা নিয়ে বারবার সংবাদ প্রকাশ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আতঙ্ক নিয়ে প্রতিনিয়ত যাতায়াত করছেন স্থানীয়রা।
স্থানীয় এক বাসিন্দা জানান, “সেতুটির যে অবস্থা, তাতে একা হাঁটতেই ভয় লাগে। স্কুলগামী ছোট ছেলে-মেয়ে আর বৃদ্ধদের নিয়ে আমরা সবসময় দুশ্চিন্তায় থাকি। প্রশাসনের কি কোনো দুর্ঘটনা ঘটার অপেক্ষা করছে?”
সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা
সচেতন মহল মনে করছেন, দ্রুত সময়ের মধ্যে সেতুটি সংস্কার বা নতুন করে নির্মাণ না করা হলে জননিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে। এলাকাবাসী তাদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্যসহ দায়িত্বশীলদের জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ কামনা করেছেন।
