অসহায় ছবিরন বিবির পাশে বিএনপি নেতা সুজন
আনিছুর রহমান আইয়ুব, জামালপুর প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে অর্থাভাবে বিনা চিকিৎসায় পড়ে থাকা ছবিরন বিবি নামে এক বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সাংবাদিক ও বিএনপি নেতা আবু সাঈদ সুজন। অসুস্থ ছবিরন বিবির চিকিৎসার দায়িত্ব নেওয়ার পাশাপাশি আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে এলাকায় মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তাঁরা।
যেভাবে ঘটনার সূত্রপাত
জানা গেছে, গত ২৮ মার্চ (শনিবার) উপজেলার ২ নং কড়ইচড়া ইউনিয়নের লালডোবা গ্রামে সংবাদ সংগ্রহের কাজে যান তিন সংবাদকর্মী— আনিছুর রহমান আইয়ুব, তাওহীদ হাসান ও শাকিল আহমেদ। সেখানে তাঁরা ছবিরন বিবির করুণ আর্তচিৎকার শুনতে পান। স্থানীয়দের কাছে খোঁজ নিয়ে জানা যায়, চরম দারিদ্র্যের কারণে পরিবারটি তাঁর সুচিকিৎসার ব্যবস্থা করতে পারছে না।

সংবাদকর্মীদের আন্তরিকতা
বি বিষয়টি দেখে সংবাদকর্মীরা কালক্ষেপণ না করে ছবিরন বিবিকে উদ্ধার করে মাদারগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করান। পরবর্তীতে তাঁরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে দেশবাসীর কাছে অসহায় এই নারীর সাহায্য কামনা করেন।
বিএনপি নেতার মানবিক উদ্যোগ
ফেসবুকে বিষয়টি নজরে আসার পর সোমবার (৩০ মার্চ) মাদারগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈদ সুজন হাসপাতালে অসুস্থ ছবিরন বিবিকে দেখতে যান। এ সময় তিনি তাঁর জন্য বিভিন্ন ফলমূল নিয়ে যান এবং রোগীর চিকিৎসার যাবতীয় খরচ বহনের পাশাপাশি আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

ভুক্তভোগীর প্রতিক্রিয়া
বিনা চিকিৎসায় শয্যাশায়ী ছবিরন বিবি হঠাৎ এমন সহযোগিতা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি জানান, “আমি কোনোদিন ভাবিনি কেউ আমার খোঁজ নেবে। আজ এই বাবাদের (সাংবাদিক ও নেতা) উসিলায় আমি আবার বাঁচার স্বপ্ন দেখছি।”
