নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার দুই দিন পর মো. সোহেল রানা (২৪) নামে এক ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রামের একটি ইটভাটার অফিস সংলগ্ন ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিখোঁজ ও পরিবারের অভিযোগ

নিহত সোহেল রানা হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের উত্তর শান্তিপুর গ্রামের অলি উদ্দিনের ছেলে। নিহতের বাবা অলি উদ্দিন অভিযোগ করেন, গত শুক্রবার সকালে সোহেল ইটভাটায় কাজে যাননি। বিকেলের দিকে সোহেলের মামা কামাল ও সাইফুল মাঝির ভাই আলতাব তাকে জোরপূর্বক কাজে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর শুক্রবার সন্ধ্যার পর থেকেই সোহেল রানা রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন।

মরদেহ উদ্ধার ও শনাক্তকরণ

পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সোহেলের সন্ধান পাননি। রোববার সকালে ইটভাটার অফিস সংলগ্ন ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয় শ্রমিকরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করলে পরিবারের সদস্যরা সেটি সোহেল রানার বলে শনাক্ত করেন।

পুলিশের প্রাথমিক ধারণা ও তদন্ত

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে মারা যেতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তসহ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।”

এলাকায় চাঞ্চল্য

ইটভাটা শ্রমিকের এই রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন এবং কারো অবহেলা বা সম্পৃক্ততা থাকলে তার বিচার দাবি করেছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *