৪ দশক ধরে রাজপথে আপসহীন খলিলুর রহমান: পুটিখালী ইউনিয়নকে সন্ত্রাস ও মাদকমুক্ত গড়ার অঙ্গীকার
আকরাম হোসেন,বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ৩ নং পুটিখালী ইউনিয়নে তৃণমূল রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র সিকদার খলিলুর রহমান। গত ৪০ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আদর্শকে বুকে ধারণ করে রাজপথে লড়ে যাচ্ছেন এই ত্যাগী নেতা। বর্তমানে তিনি ৩ নং পুটিখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ধানের শীষের প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।
দলের প্রতি আনুগত্য ও আত্মত্যাগ
সিকদার খলিলুর রহমান রাজনৈতিক জীবনে বহু চড়াই-উতরাই পার করেছেন। বিগত স্বৈরাচারী সরকারের রোষানলে পড়ে তিনি অসংখ্যবার জেল-জুলুম ও মিথ্যা নাশকতা মামলার শিকার হয়েছেন। দলের প্রতি তাঁর আনুগত্য এতোটাই প্রগাঢ় ছিল যে, কারাবন্দি থাকা অবস্থায় তাঁর মা মৃত্যুবরণ করলেও তিনি লোহার বেড়ি পরা অবস্থায় জানাজায় অংশ নিতে বাধ্য হয়েছিলেন। তবুও তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি। এলাকার মানুষের দুঃখ-দুর্দশায় সবসময় পাশে থাকায় স্থানীয়ভাবে তিনি ‘দয়াল মেম্বার’ হিসেবে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেছেন।
ঈদ শুভেচ্ছা ও আগামীর লক্ষ্য
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পুটিখালী ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন এই নেতা। এক বার্তায় তিনি বলেন, “বাংলাদেশ আজ এক নতুন ভোরের অপেক্ষায়। দেশনায়ক তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ ইনশাআল্লাহ একটি সুখী, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে। আমাদের লক্ষ্য একটাই—শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে বুকে ধারণ করে এগিয়ে যাওয়া।”
শহীদদের প্রতি শ্রদ্ধা ও নতুন অঙ্গীকার
জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, “কোমলমতি ছাত্রদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। পুটিখালী ইউনিয়নে কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, টেন্ডারবাজ বা নারী নির্যাতনকারীর ঠাঁই হবে না। কোনো স্বৈরাচারের দোসরদের সঙ্গে আপস করা হবে না। আমি দীর্ঘ ৪০ বছর সাধারণ মানুষের জন্য রাজনীতি করেছি, আগামীতেও এতিম, অসহায় ও দুঃস্থ মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই।”
উন্নয়নের প্রতিশ্রুতি ও জনসমর্থন
ন্যায় ও নীতির প্রশ্নে অবিচল সিকদার খলিলুর রহমান ইউনিয়নবাসীকে একটি আধুনিক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এলাকার সাধারণ মানুষ মনে করেন, খলিলুর রহমানের মতো ত্যাগী নেতা চেয়ারম্যান নির্বাচিত হলে পুটিখালী ইউনিয়নে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
