ময়মনসিংহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান

গণহত্যা দিবসে প্রতীকী ‘ব্ল্যাকআউট’

সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। দিবসটি যথাযথভাবে উদযাপনে জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে, ২৫ মার্চ দিবাগত রাতে আলোকসজ্জা বর্জন করতে হবে এবং রাত ১০:৩০টা থেকে ১০:৩১টা পর্যন্ত সারাদেশে একযোগে ০১ মিনিট প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হবে।

২৬ মার্চের বর্ণাঢ্য কর্মসূচি

স্বাধীনতা ও জাতীয় দিবসে ময়মনসিংহে দিনব্যাপী কর্মসূচি পালিত হবে:

  • ভোর ০৫:৫৬ মিনিট: তোপধ্বনির সাথে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ।
  • সকাল ০৮:০০ টা: জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ ও আকর্ষণীয় ডিসপ্লে।
  • সকাল ১১:০০ টা: টাউনহলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা।
  • বিকাল ০৩:০০ টা: সার্কিট হাউজ মাঠে মুক্তিযোদ্ধা ও সরকারি কর্মকর্তাদের প্রীতি ফুটবল ম্যাচ।

“মুক্তিযোদ্ধাদের স্মৃতি তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে”

সভায় জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, “মহান স্বাধীনতা দিবস আমাদের গৌরবের দিন। আজ থেকে ১০ বছর পর হয়তো কোনো বীর মুক্তিযোদ্ধা বেঁচে না-ও থাকতে পারেন। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তাঁদের আমন্ত্রণ জানিয়ে শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা ছড়িয়ে দিতে হবে।” তিনি গতানুগতিক ধারার বাইরে গিয়ে ডিসপ্লেতে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক মুহূর্তগুলো ফুটিয়ে তোলার নির্দেশনা দেন।

সভায় ময়মনসিংহের বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *