আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আনন্দ মোহন কলেজে আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন
রাশেদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন করেছে ঐতিহ্যবাহী এক শিক্ষা প্রতিষ্ঠান। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শহীদ মিনারে শ্রদ্ধা ও অনুষ্ঠানের সূচনা
দিবসের শুরুতে একুশের প্রথম প্রহরে কলেজ কর্তৃপক্ষ, শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। খালি পায়ে এবং শোকের প্রতীক কালো ব্যাজ ধারণ করে শিক্ষার্থীরা ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
একুশের চেতনা ও আলোচনা সভা
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. সাকির হোসেনের প্রধান আতিথ্যে আয়োজিত আলোচনা সভায় ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানের আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে বক্তারা বলেন, ১৯৫২ সালের রক্তঝরা সেই আন্দোলনই ছিল আমাদের স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রামের মূল প্রেরণা। বাংলা ভাষার সঠিক চর্চা এবং এর মর্যাদা সমুন্নত রাখতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
শিক্ষকবৃন্দের বক্তব্য ও পুরস্কার বিতরণ
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর মোঃ ইয়াসীর আরাফাত, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মমতাজ জাহানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী। পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক রশীদ আহমদ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। আলোচনা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠানে কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
