স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

নির্বাচন ও গণভোট বিষয়ে মানুষকে সচেতন এবং উদ্বুদ্ধ করতে জেলা তথ্য অফিস পরিবেশিত ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠানের মাধ্যমে ময়মনসিংহে সরকারি নির্বাচনি প্রচার শেষ হয়েছে।
প্রচারণায় বর্ণিল আয়োজন ও শিল্পী অংশগ্রহণ
নির্বাচন কমিশন নির্ধারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে প্রচার কার্যক্রমের শেষদিন সোমবার সকাল থেকে বিকেল অবধি সুসজ্জিত ট্রাকে ময়মনসিংহ শহরব্যাপী এ সংগীত পরিবেশনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকা থেকে আগত এবং স্থানীয় শিল্পীরা অংশ নেয়।

জনসমাগমস্থলে সংগীতের মূর্ছনা ও দর্শক উৎসাহ
ঐতিহ্যবাহী শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যান, রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর, টাউন হলসহ নগরীর বিভিন্ন জনসমাগমস্থলে উৎসাহী দর্শক-শ্রোতাদেরকে ‘এবার ভোট দেব সবাই’, ‘শোনেন শোনেন জনগণ, শোনেন দিয়া মন, বারই ফেব্রুয়ারি হইবো সংসদ নির্বাচন’, ‘নির্বাচন আর গণভোট, এবার দেবেন দুইটা ভোট’ শীর্ষক নানা গানের সাথে কন্ঠ ও করতালি মেলাতে দেখা যায়।

অনুষ্ঠান পরিচালনা ও বিশেষ আয়োজন
ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরামের তত্ত্বাবধানে ও ঢাকা থেকে আগত গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক জাকিউল হাই এবং সহকারী পরিচালক শ্যামা সরকারের সঞ্চালনায় শিল্পী দেবাশীষ শর্মা, তৌফিক অপু, অন্তরা দে, বাউল জয়নাল, তপন, জুয়েল প্রমুখ ভ্রাম্যমাণ অনুষ্ঠানগুলোতে সংগীত পরিবেশন করেন। এর আগের দিন রবিবার বিকেলেও নগরীর জয়নুল উদ্যান মঞ্চে ‘আঞ্চলিক গান নিয়ে ভোটার উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠানে’ এই শিল্পীদের গান উপভোগ করে জনাকীর্ণ উদ্যানের সহস্রাধিক মানুষ।

মাসব্যাপী প্রচারণার ইতিবাচক প্রভাব
উল্লেখ্য, ময়মনসিংহের সিটি কর্পোরেশন এলাকা ও ১৩ উপজেলার গ্রামে-গঞ্জে তথ্য অফিসের মাসব্যাপী রিকশাযোগে মাইকিং, উঠান বৈঠক, কমিউনিটি সভা, তথ্যচিত্র প্রদর্শনী, ভোট-আলাপ, ফেসবুকে সচেতনতামুলক তথ্য-চিত্র প্রচার শেষে দু’দিনের ধারাবাহিক গানের অনুষ্ঠান এ অঞ্চলের মানুষের মাঝে নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ এনে দিয়েছে।






