মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে এক বাক্প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে মো. ফারুক ওরফে ড্রাইভার ফারুক (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চরজব্বার থানা-পুলিশ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চর আমিনুল হক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার বিবরণ
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই প্রতিবন্ধী যুবতীকে বিরিয়ানি দেওয়ার প্রলোভন দেখিয়ে রান্নাঘরে নিয়ে ধর্ষণ করেন ফারুক। সম্প্রতি যুবতীর শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি ইশারা-ইঙ্গিতে ধর্ষণের বিষয়টি পরিবারকে জানান। বর্তমানে ওই যুবতী অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
অভিযুক্তের পরিচয়
গ্রেপ্তারকৃত ফারুক চরওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামের বাসিন্দা। তবে এলাকাবাসীর তথ্যমতে, তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা নন। ২০২৪ সালের ৫ আগস্টের পর লক্ষ্মীপুরের পোড়াগাছা থেকে এসে এখানে বসতি স্থাপন করেছেন।
পুলিশের পদক্ষেপ
ভুক্তভোগী যুবতীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরপরই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।






