স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই ‘ভুলবশত’ মুক্তি পাওয়া হত্যা মামলার তিন আসামিকে পুনরায় গ্রেপ্তার করেছে র্যাব-১৪। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে টাঙ্গাইলের ঘাটাইল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
র্যাবের সংবাদ সম্মেলন
শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে ময়মনসিংহস্থ নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান র্যাব-১৪-এর অধিনায়ক নয়মুল হাসান। তিনি জানান, গ্রেপ্তারকৃতরা হলেন—তারাকান্দা উপজেলার মধ্যতারাটি পশ্চিমপাড়া গ্রামের আনিছ মিয়া (৩২), রাশেদুল ইসলাম (২৫) ও জাকিরুল ইসলাম (২৮)। র্যাব জানায়, গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) জেল কর্তৃপক্ষের কতিপয় অসাধু সদস্যের সহায়তায় ও পরস্পর যোগসাজশে তাঁরা কারাগার থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
ঘটনার প্রেক্ষাপট
তারাকান্দার একটি হত্যা মামলায় গত ২৩ জানুয়ারি এই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। কারাগার কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, প্রোডাকশন ওয়ারেন্টকে (হাজিরা পরোয়ানা) ভুল করে জামিননামা ভেবে গত মঙ্গলবার বিকেলে তাঁদের মুক্তি দেওয়া হয়। বিষয়টি বৃহস্পতিবার জানাজানি হওয়ার পর দেশজুড়ে তোলপাড় শুরু হয়।
প্রশাসনিক ব্যবস্থা ও তদন্ত
এই চাঞ্চল্যকর ঘটনার পর গাফিলতির দায়ে ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া ঢাকা বিভাগ-২-এর ডিআইজি প্রিজন্স টিপু সুলতানকে প্রধান করে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে কারা অধিদপ্তর। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ায় পুনরায় কারাগারে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।
