কুড়িগ্রামে দুর্গম চরে গৃহবধূকে গলা কেটে হত্যা
মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর) কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার দুর্গম চরাঞ্চলে শহিদা বেগম (২৬) নামে এক গৃহবধূকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার নারায়ণগঞ্জ ইউনিয়নের গণির চরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
নিহত শহিদা বেগম ওই গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় আজিজুল ইসলাম তাঁর বড় মেয়েকে নিয়ে স্থানীয় কালারচর বাজারে নিজের চায়ের দোকানে ছিলেন। বাড়িতে চার বছরের ছোট মেয়েকে নিয়ে একা ছিলেন শহিদা। রাতে ভাত রান্নার জন্য চাল ধুতে টিউবওয়েলের পাড়ে গেলে অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। ঘাতকরা তাঁর গলার শ্বাসনালী কেটে দেয়। এসময় আত্মরক্ষার চেষ্টা করায় তাঁর হাতেও কোপের চিহ্ন পাওয়া গেছে।
উদ্ধার ও পুলিশের বক্তব্য
গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় শহিদাকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে কচাকাটা থানার পুলিশ দুটি নদী ও কয়েকটি চর পাড়ি দিয়ে রাত পৌনে ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “এলাকাটি অত্যন্ত দুর্গম। আমরা খবর পেয়েই দ্রুত সেখানে পৌঁছাই। টিউবওয়েল এলাকাটি টিনের বেড়া দিয়ে ঘেরা থাকায় খুনি সহজে পালিয়ে যাওয়ার কথা নয়। ধারণা করা হচ্ছে, পরিচিত কেউ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে। আমরা ঘটনার তদন্ত করছি এবং অপরাধীকে শনাক্তের চেষ্টা চলছে।”
এলাকায় আতঙ্ক
নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই নির্মম হত্যাকাণ্ডের পর পুরো চরাঞ্চলে আতঙ্ক বিরাজ করছে। নিহত শহিদা বেগমের দুটি কন্যাসন্তান রয়েছে। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।
