প্রযুক্তি ডেস্ক

স্মার্টফোন ব্যবহারকারীদের ব্যাটারি নিয়ে আজীবনের দুশ্চিন্তা দূর করতে যুগান্তকারী উদ্ভাবন নিয়ে আসছে তরুণদের জনপ্রিয় ব্র্যান্ড রিয়েলমি। প্রতিষ্ঠানটি শীঘ্রই বিশ্ববাজারে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের ‘লং-লাইফ টাইটান ব্যাটারি’ উন্মোচন করতে যাচ্ছে। গ্লোবাল ব্যাটারি টেক পাইওনিয়ার হিসেবে নিজেদের অবস্থান দৃঢ় করতেই রিয়েলমির এই নতুন প্রচেষ্টা।
এক চার্জে চলবে এক সপ্তাহ
দীর্ঘ ভ্রমণ, লাইভ স্ট্রিমিং কিংবা লোডশেডিংয়ের সময় ফোনের চার্জ শেষ হয়ে যাওয়া ব্যবহারকারীদের জন্য বড় আতঙ্কের কারণ। রিয়েলমির নতুন এই ব্যাটারি প্রযুক্তি মোবাইলের দীর্ঘস্থায়িত্বকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে। দাবি করা হচ্ছে, এই বিশাল সক্ষমতার ব্যাটারি এক চার্জে প্রায় এক সপ্তাহব্যাপী পাওয়ার ব্যাকআপ নিশ্চিত করবে। ফলে ব্যবহারকারীদের আর ভারী পাওয়ার ব্যাংক বহন বা চার্জিং পোর্টের খোঁজ করতে হবে না।

আসছে ‘রিয়েলমি পি৪ পাওয়ার’
এই শক্তিশালী ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসহ বাজারে আসছে রিয়েলমির নতুন স্মার্টফোন ‘রিয়েলমি পি৪ পাওয়ার’। ডিভাইসটি কেবল ব্যাটারি সক্ষমতাই নয়, বরং দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্যতার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এতে উন্নত ‘সেফটি আর্কিটেকচার’ ও ইন্টেলিজেন্ট ‘লংজিভিটি টেকনোলজি’ ব্যবহার করা হয়েছে, যা ব্যাটারির পুরো লাইফসাইকেল জুড়ে স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করবে।
উদ্ভাবনে ‘মেক ইট রিয়েল’
রিয়েলমি তাদের ব্র্যান্ড ফিলোসফি ‘মেক ইট রিয়েল’ অনুসারে অর্থবহ উদ্ভাবনে বিশ্বাসী। গত বছর তারা ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির কনসেপ্ট দেখিয়েছিল, যা এবার বাস্তবে রূপ পেল। দ্রুতগতির লাইফস্টাইলের সঙ্গে তাল মেলাতে ব্যস্ত পেশাজীবী থেকে শুরু করে দুর্গম এলাকায় ভ্রমণকারীদের জন্য এই ফোনটি হবে এক নির্ভরযোগ্য সঙ্গী।
বিশ্লেষকদের ধারণা, বৈশ্বিক স্মার্টফোন বাজারে দীর্ঘস্থায়িত্বের ক্ষেত্রে নতুন এক মানদণ্ড স্থাপন করবে রিয়েলমির এই ‘টাইটান ব্যাটারি’ প্রযুক্তি।
