হিফজুল কোরআন প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত; বিজয়ীদের নগদ অর্থ প্রদান

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘জীবন আলো হিফজুল কোরআন প্রতিযোগিতা ও জাতীয় ক্বেরাত ও সাংস্কৃতিক সম্মেলন’। বুধবার একটি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক সংগঠন ‘জীবন আলো’র উদ্যোগে দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়।

তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ

আয়োজক কমিটির আহ্বায়ক মাওলানা নূরুল্যাহ লন্ডনীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রায় ৫০টি হিফজ শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে। প্রাথমিক বাছাই শেষে দ্বিতীয় পর্বে ৬০ জন এবং চূড়ান্ত পর্বে ২০ জন প্রতিযোগী শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশ নেয়।

বিজয়ীদের হাতে নগদ পুরস্কার

প্রতিযোগিতার ফাইনাল পর্বে প্রথম স্থান অর্জন করে ৫০ হাজার টাকা পুরস্কার জিতে নেন হাফেজ মো. ইউসুফ। দ্বিতীয় স্থান অর্জনকারী তানভীর হোসেন পান ৩০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী মো. সাইদ হাসান সাইম ২০ হাজার টাকা লাভ করেন। এছাড়া চূড়ান্ত পর্বে থাকা বাকি ১৭ জন প্রতিযোগীকে সান্ত্বনা পুরস্কার হিসেবে ৩ হাজার টাকা করে প্রদান করা হয়।

দেশবরেণ্য আলেমদের উপস্থিতি ও সাংস্কৃতিক আয়োজন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী শায়েখ আহমদ বিন ইউসুফ আল আযহারী। প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ ক্বারী আব্দুল হক এবং হাফেজ ক্বারী মাহবুবুর রহমান। প্রতিযোগিতার পাশাপাশি জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত শিল্পীগোষ্ঠী ‘কলরব’ ও ‘আহ্বান’ এর ইসলামী সংগীত পরিবেশনা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

আয়োজকরা জানান, পবিত্র কোরআনের আলো ছড়িয়ে দিতে এবং মেধাবী হাফেজদের উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *