ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৬: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে যাত্রীসেবা পরিচালনার সুযোগ পেলে প্রথম বছরে বাংলাদেশে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে যুক্তরাজ্যভিত্তিক বৈশ্বিক এভিয়েশন সেবা প্রতিষ্ঠান মেনজিস এভিয়েশন।
কোম্পানিটি জানিয়েছে, প্রস্তাবিত বিনিয়োগের মাধ্যমে প্রথম বছরেই এক হাজারের বেশি সরাসরি কর্মসংস্থান তৈরি হতে পারে। পাশাপাশি তাদের কার্যক্রমের সঙ্গে সরবরাহব্যবস্থা ও সংশ্লিষ্ট অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও ৪ হাজার ৫০০-এর বেশি পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে বলে প্রতিষ্ঠানটির হিসাব।
মেনজিস তৃতীয় টার্মিনালে দ্বিতীয় যাত্রী হ্যান্ডলিং অপারেটর হিসেবে কাজ করার জন্য কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে।
প্রস্তাবিত পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ঢাকায় মেনজিস ট্রেনিং একাডেমি প্রতিষ্ঠা। সেখানে আন্তর্জাতিক মানের এভিয়েশন প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরির কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের সঙ্গে কাজ করে এভিয়েশনভিত্তিক শিক্ষা, ইন্টার্নশিপ ও গ্র্যাজুয়েট প্রোগ্রাম চালুর পরিকল্পনাও রয়েছে।
কোম্পানিটি স্থানীয়ভাবে ইউনিফর্ম তৈরি ও সংগ্রহের সম্ভাবনার কথাও জানিয়েছে, যা দেশের তৈরি পোশাক খাতের জন্য অতিরিক্ত ব্যবসার সুযোগ তৈরি করতে পারে।
হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে চলতি বছরের ১৬ ডিসেম্বর আংশিক কার্যক্রম শুরুর লক্ষ্য রয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
সূত্র: The Business Standard
