মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে তিন প্রার্থীর সমর্থককে মোট ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত সেনবাগ উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর পেয়ারা বেগম। নির্বাচনী প্রচারণায় বিধিবিধান লঙ্ঘনের অভিযোগে তিনটি পৃথক মামলায় এই দণ্ড প্রদান করা হয়।
জরিমানার বিবরণ ও কারণ
উপজেলা ভূমি অফিস সূত্রে জরিমানার বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো:
- ধানের শীষ প্রতীক: ছমিরমুন্সির হাটে রঙিন পোস্টার সাঁটানোর অপরাধে প্রার্থী জয়নুল আবেদীন ফারুকের সমর্থক জহিরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
- কাপপিরিচ প্রতীক: ছাতারপাইয়া বাজারে দোকানের ভেতর নির্বাচনী পোস্টার সাঁটানোর দায়ে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব কাজী মফিজুর রহমানের সমর্থক মাসুমকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
- হাতপাখা প্রতীক: ছাতারপাইয়া বাজারে পিকআপ ভ্যানে নির্বাচনী প্রচারণা চালানোর অপরাধে প্রার্থী মাওলানা খলিলুর রহমানের সমর্থক আবু বক্কর সিদ্দিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসনের বক্তব্য
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম জানান, নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে তিন মামলায় মোট ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি মন্তব্য করেন।
